হুমকিতে নেই লা মেসিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল বেটিসের সঙ্গে গত শনিবারের ম্যাচে বিশাল এক পোস্টার নিয়ে এসেছিল সমর্থকেরা। তাতে লেখা, ‘লা মাসিয়া নো এল তোসা’। বাংলা করলে দাঁড়ায়, ‘লা মেসিয়াকে স্পর্শ করো না’। যেন ফিফার উদ্দেশে বার্সা সমর্থকেরা একটা সতর্কবার্তা পাঠিয়ে দিল।

ফিফা এতে ভ্রুক্ষেপ করবে কি না বলা মুশকিল। তবে মাঠের বাইরে এমন বিতর্ক বার্সাকে আগে এভাবে কখনো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে কি না সন্দেহ। নেইমারের দলবদল দিয়ে শুরু। সেটির জেরে পদত্যাগ করলেন সভাপতি সান্দ্রো রোসেল। এবার কমবয়সী খেলোয়াড়দের কেনাবেচায় গুরুতর আইনভঙ্গের কারণে ফিফা বার্সাকে ১৪ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। যার মানে এই মৌসুম তো বটেই, আগামী মৌসুমেও বার্সা কোনো খেলোয়াড় কেনাবেচা করতে পারবে না।

বিশাল আঘাত। ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, এই বিতর্ক মাথায় নিয়ে একটু হলেই পদত্যাগ করতে যাচ্ছিলেন বার্সার ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেতা। ‘বুধবার যখন ফিফার নিষেধাজ্ঞা এল, আমরা ক্লাব কর্তাদের সঙ্গে বিকেলে একটা বৈঠকে বসলাম। এটা সত্যি, সেখানে জুবিজারেতা বলেছিল তার পদত্যাগ কোনো সমাধান এনে দিলে সে সেটি করবে। কিন্তু তার বিদায় কোনো সমাধান এনে দেবে না। সে ক্লাব-অন্তঃপ্রাণ। খুবই ভালো করছে, আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করছে’—জুবিজারেতার পাশেই আছেন বার্তোমেউ।

কিন্তু লা মাসিয়ার ভবিষ্যত্ কি খানিকটা হুমকির মুখে? বার্সা যদি আইনভঙ্গ করে কাউকে এনে থাকে, তাহলে মেসি, ইনিয়েস্তা, জাভিরা যেখান থেকে উঠে এসেছেন সেই পাঠশালাটা কি ক্ষতিগ্রস্ত হবে না? বার্তোমেউ সে রকম মনে করেন না, ‘আমাকে বলতেই হবে আমাদের যুব প্রকল্পে জড়িতদের অনেকেই ভালো করছে। আমরা ফিফার কাছে ব্যাখ্যা করব খেলা এমন কিছু যেটি মানুষকে এক করে। বার্সা ফুটবলারদের খেলোয়াড় হিসেবেই শুধু নয়, মানুষ হিসেবেও গড়ার চেষ্টা করে। ফিফার নীতি অনুযায়ী অনেকেই খেলতে পারছে না। কিন্তু তাদের বাবা-মা চায় বলেই তারা এখানে।’ ক্লাবের সাবেক সভাপতি হুয়ান লাপোর্তাও বলছেন ফিফার সিদ্ধান্তটি বাড়াবাড়ি হয়ে গেছে। কিন্তু ফিফা কী ভাবছে? ওয়েবসাইট।