হুমকিতে ভয় পাচ্ছেন না মোদি
ব্রিগেড ৩১৩ মোটামুটি ভালো ঝামেলাই পাকিয়েছে। আল-কায়েদার পাকিস্তানভিত্তিক এই সংগঠনটি ঘোষণা অনুযায়ী আইপিএলে হামলা চালাক আর নাই চালাক, সবাইকে সন্ত্রস্ত ঠিকই করেছে। ভারতের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা যৌথভাবে যে কমিশন গঠন করেছে, সেই কমিশন রিপোর্ট দিয়েছে, ভারতে খেলতে যাওয়াটা ঠিক নিরাপদ নয়। এই তিন দেশের সঙ্গে নিউজিল্যান্ডের ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনও বলছে, আইপিএলের নিরাপত্তাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে তারা। অনেকে আবার উপমহাদেশে বিশ্বকাপটাকেও অনিশ্চিত বলে ফেলছেন। সব দেখেশুনে হুঙ্কার দিয়ে বিসিসিআই বলছে ভারতে বিশ্বকাপ হবেই।আইপিএলের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার মধ্যেই কয়েক দিন আগে ক্রিকেট নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী জাস্টিন ভন বলেছিলেন, ‘বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত আছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।’ ক্রিকেট বিশ্ব নিয়ন্ত্রণ করছে যারা, তাদের ওপর খবরদারি করার চেষ্টা ভালো লাগেনি ভারতীয় বোর্ডের। দ্য টেলিগ্রাফকে বিসিসিআই সচিব এস শ্রীনিবাসন বলেছেন, ‘তিনি (ভন) কী বোঝাতে চেয়েছেন আমি জানি না। কোনো মন্তব্যও করতে চাই না। আমরা যা জানি, বিশ্বকাপ ভারতেই হবে। কে এটা বদলে দিতে পারে? কেউ না।’তবে বিশ্বকাপ নিয়ে কোনো সংশয় এখনো না থাকলেও তিন দেশের যৌথ কমিশনের রিপোর্টের পর আইপিএল নিয়ে শঙ্কাটা ঠিকই বাড়ছে। দক্ষিণ আফ্রিকা এখন ভারতেই খেলছে, কিন্তু আইপিএল নিয়ে নিশ্চিত নন স্বয়ং গ্রায়েম স্মিথও, ‘এখন ভারতে খেলছি বলেই যে আইপিএল নিয়ে ভাবছি না, তা কিন্তু নয়। আইপিএলের নিরাপত্তা নিয়ে খেলোয়াড়েরা চিন্তিত। সবাই গভীর মনোযোগে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’ উদ্বিগ্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী পল মার্শ। এ অবস্থায় গতবারের মতো আইপিএল ভারতের বাইরে সরিয়ে নেওয়ার কথাও বলছেন অনেকে। তবে সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন লোলিত মোদি, ‘আইপিএল ভারতেই হবে, না হওয়ার কোনো কারণ আমি দেখছি না। মিডিয়া অযথাই নিরাপত্তা ইস্যুটাকে তিল থেকে তাল করে তুলছে।’ ওয়েবসাইট।