হুমকিতেও কাজ হচ্ছে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএল গভর্নিং কাউন্সিলকে যেন পাত্তাই দিচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো! তারা হয়তো জানে বিপিএল কর্মকর্তাদের হুমকি-ধমকি আসলে নির্বিষ ফাঁকা বুলি। সাজানো সংলাপ। নয়তো বিদেশি খেলোয়াড়দের বকেয়া পরিশোধের জন্য গভর্নিং কাউন্সিলের দেওয়া সর্বশেষ ‘শেষ সময়’ ২১ জুলাই পার হয়ে যাওয়ার পরও কেন নড়েচড়ে বসবে না ফ্র্যাঞ্চাইজিরা?গত ১৪ জুলাই বিপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজিকে বকেয়া পরিশোধের জন্য নতুন করে ‘শেষ সময়’ বেঁধে দেওয়া হয়। বলা হয়, ২১ জুলাইয়ের (গত পরশু) মধ্যে বিদেশি ক্রিকেটারদের বাকি টাকা শোধ করতে হবে। পরিশোধ করতে হবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে বিসিবির শোধ করা ২ লাখ ৮০ হাজার ডলার, ফ্র্যাঞ্চাইজির চুক্তি মূল্যের অবশিষ্ট ১১ কোটি টাকাও। সব টাকা পরিশোধ করলে দ্রুততম সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিপিএল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করবে বলে জানিয়েছিলেন গভর্নিং কাউন্সিল-প্রধান গাজী আশরাফ হোসেন।যারা এই সময়ের মধ্যে বকেয়া শোধ করে চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হবে, তাদের জন্য কড়া হুমকিও দিয়েছিলেন বিপিএলের সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। বলেছিলেন, ‘যেসব ফ্র্যাঞ্চাইজি এবারও খেলোয়াড়দের টাকা পরিশোধে ব্যর্থ হবে কিংবা বিসিবির টাকা শোধ করবে না, তাদের সঙ্গে আর কোনো চুক্তি হবে না। প্রয়োজনে আমরা নতুন করে ফ্র্যাঞ্চাইজি নিলাম করব। বিসিবির বিপিএল ছাড়া আরও অনেক কাজ আছে। একটা টুর্নামেন্টের জন্য দেশের ক্রিকেটের দুর্নাম হতে পারে না।’ কিন্তু দুর্নাম হচ্ছেই। বিপিএলের বিদেশি অনেক ক্রিকেটারের টাকাই বাকি এখনো। দেশি ক্রিকেটারদের অবস্থা তো আরও খারাপ। গভর্নিং কাউন্সিলের দেওয়া তথ্য অনুযায়ীই সব মিলিয়ে ৬০ শতাংশের বেশি টাকা পাননি দেশি ক্রিকেটাররা। বিসিবি সূত্র কাল জানিয়েছে, গভর্নিং কাউন্সিলের কঠিন ধমকের পরও বকেয়া পরিশোধে তেমন কোনো অগ্রগতি নেই। এসব ব্যাপারে জানতে কাল বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি কেউ।খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন ফিকার প্রধান টিম মে দাবি করে আসছেন, বিপিএলের কাছ থেকে বিদেশি খেলোয়াড়দের পাওনা ৬ লাখ ডলার। বিপিএল গভর্নিং কাউন্সিল বলছে, অঙ্কটা ৭০-৮০ হাজার ডলারের বেশি নয়। গভর্নিং কাউন্সিলের কথা সত্যি ধরলেও প্রশ্ন জাগে—এত অল্প বকেয়া শোধ করারও কি সামর্থ্য নেই মিলিয়ন মিলিয়ন ডলারের বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের!