হুমকির মুখে ভারতের ওয়ানডে শীর্ষস্থান
১১৯ পয়েন্ট নিয়ে বর্তমানে আইসিসি ওয়ানডে ক্রিকেট র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে ভারতের এ শীর্ষস্থানটিকে হুমকির মুখে ফেলে দিয়েছে চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা। নিজেদের মাটিতে তারা যদি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সব কটি ম্যাচ জিততে পারে, তাহলে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করতে পারবে প্রোটিয়ারা। আগামীকাল থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। বর্তমানে দক্ষিণ আফ্রিকা ১১২ পয়েন্ট নিয়ে আছে র্যাঙ্কিংয়ের চার নম্বরে; কিন্তু আসন্ন সিরিজে যদি তারা পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হারায়, তাহলে তারা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে। আর সেই সঙ্গে বিশেষ পুরস্কার হিসেবে প্রোটিয়ারা পাবে ১ লাখ ৭৫ হাজার ডলার।দক্ষিণ আফ্রিকা এর আগে ২০০৮ ও ২০০৯ সালে দুইবার ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। এবারও সেই শীর্ষস্থানটা দখল করার সুবর্ণ সুযোগ এসেছে তাদের সামনে। দক্ষিণ আফ্রিকা যদি ৪-১ ব্যবধানে সিরিজটি জেতে, তাহলে তারা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে দুইয়ে উঠে যাবে। আর তাতেও তাদের অর্থ প্রাপ্তি ঘটবে ৭৫ হাজার ডলার। এর আগেও তারা টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে জিতে নিয়েছে ৪ লাখ ৫০ হাজার ডলার।অন্যদিকে র্যাঙ্কিং উন্নয়নের সুযোগ আছে পাকিস্তানের সামনেও। বর্তমানে ছয় নম্বর অবস্থানে থাকা পাকিস্তান যদি ৫-০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে, তাহলে তারা উঠে যাবে চার নম্বরে। আর এতে পাকিস্তানের পয়েন্ট ১০৭ থেকে বেড়ে দাঁড়াবে ১১৪। আর ১০ পয়েন্ট কমে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়াবে ১০২। আর পাকিস্তান যদি ৩-২ ব্যবধানে জেতে, তাহলে দক্ষিণ আফ্রিকা সামান্য ব্যবধানে পাকিস্তানের ওপরে থাকবে।পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার এই ওয়ানডে সিরিজ, আগামী ৬ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ বি দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও পাকিস্তান।— পিটিআই