হূদয় জিতে শেখ জামালের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঙ্গে শুধু ট্রফিটাই নেই। নয়তো কলকাতা থেকে শেখ জামাল ধানমন্ডির খেলোয়াড়-কোচদের এই ফেরাটাও বীরেরই বেশে। কাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  প্রথম আলো
সঙ্গে শুধু ট্রফিটাই নেই। নয়তো কলকাতা থেকে শেখ জামাল ধানমন্ডির খেলোয়াড়-কোচদের এই ফেরাটাও বীরেরই বেশে। কাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম আলো

বিমানবন্দরে হাজার মানুষের ভিড়। হাতে হাতে ফুলের তোড়া। ব্যানার, প্ল্যাকার্ড। রঙের খেলা, আনন্দমিছিল। বিশাল শিল্ড হাতে খোলা ট্রাকে মামুনুলরা। পুষ্পবৃষ্টিতে ভেজা চেনা মুখগুলো—সনি নর্দে, ওয়েডসন, সোহেল রানা। কল্পনার দৃশ্যগুলো বাস্তব হওয়ারই কথা ছিল। কিন্তু হয়নি। কলকাতায় হাতছোঁয়া দূরত্বে যে আইএফএ শিল্ড রেখে এসেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব!
ফাইনালে টাইব্রেকারে স্বপ্ন ভেঙে যাওয়া দলটির সঙ্গে বাংলাদেশের মানুষের হূদয়টাও ভেঙে খান খান। কাল সকালে বিমানবন্দরে নেমে ক্লাব সভাপতি মনজুর কাদের বারবার কপাল চাপড়াচ্ছিলেন আর বলছিলেন, ‘ইশ্...তীরে এসে নৌকাটা ডুবে গেল।’ নৌকাটা ওভাবে ডুবত না। অন্তত লিংকন যদি টাইব্রেকারে গোলের সুযোগটা নষ্ট না করতেন। এ নিয়ে আফসোসের শেষ নেই এই ডিফেন্ডারের। পারলেন না কেন? শুকনো মুখে বললেন, ‘এত দর্শক, আতশবাজি দেখে স্নায়ুচাপে পড়ে যাই। শটটা নেওয়ার আগে ভয় পেয়ে গিয়েছিলাম।’
বিমানবন্দরে উৎসবের আবহ ছিল না। তবুও সবাইকে মিষ্টিমুখ করালেন মনজুর কাদের। গণমাধ্যমকর্মী থেকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ চামেলির কর্মকর্তা বাদ গেল না কেউ। ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা রজনীগন্ধা ও গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাল শেখ জামালের ফুটবলারদের। ইমিগ্রেশন পেরিয়ে অতিথিকক্ষে এসে বসলেন সবাই। মুখ ভার করে একেবারে পেছনের সারিতে বসা টুর্নামেন্ট-সেরা সনি নর্দে। মুখে কোনো কথা নেই। অনেক জোরাজুরির পর বললেন, ‘এভাবে হারতে হবে ভাবিনি। খুব খারাপ লাগছে।’ লাল কার্ড নিয়ে কোনো মন্তব্যই করলেন না।
মনজুর কাদের কাল প্রশংসায় ভাসালেন ফুটবলারদের, ‘আমি খুব গর্বিত। শেখ জামাল যেমন খেলেছে তাতে অভিভূত। আমাদের একাডেমির চেয়ারম্যান বলছিলেন, বার্সেলোনার মতো খেলেছে শেখ জামাল। ভারতীয় এক সমর্থক বলেছে, ওরা তো ব্রাজিলের মতো খেলছে। আসলে বাংলাদেশের ফুটবলে নতুন যাত্রা শুরু করে দিয়েছে শেখ জামাল।’ তবে জয়টা যেভাবে মুঠো ফসকে পড়ে গেল তা নিয়ে আত্মসমালোচনাও করলেন, ‘মাঠে আমাদের খেলোয়াড়েরা স্নায়ু ঠিক রাখতে পারে না, জানে না কীভাবে জিততে হয় এমন অবস্থায়। গত মৌসুমের ফাইনালে শেখ রাসেলের কাছেও (স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপে) এভাবে হেরেছিলাম।’
মোহনবাগান, ইস্ট বেঙ্গলকে হারিয়ে কলকাতায় মামুনুলরা বসেছেন নায়কের আসনে। সেই অভিজ্ঞতার কথা বললেন অধিনায়ক, ‘মোহনবাগানকে হারানোর পর শপিংয়ে গেলে আমাদের অটোগ্রাফ নিত সবাই। বলত, দাদা আপনারা কবে এখানে খেলবেন? মুন্না ভাইয়ের পরিবার কেমন আছে, অনেকে সেটাও জিজ্ঞাসা করলেন।’ শেখ জামালের জার্সি গায়েও দেশপ্রেম নিয়ে খেলেছেন মামুনরা, ‘আমরা নামেই শেখ জামাল ধানমন্ডি হিসেবে খেলেছি কিন্তু হূদয়ে ছিল বাংলাদেশ।’
কোচ যোসেফ আপুসির আফসোসের সীমা নেই, ‘আমরা আসলে ট্রফি নয়, ইতিহাস হাতছাড়া করেছি।’ কাল দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন মামুনুলের স্ত্রী সাদিয়া। টিভিতে শেখ জামালের সব ম্যাচ দেখেছেন। স্বামীর অনুভূতি তাঁর কণ্ঠেও, ‘শিল্ড না জিতলেও ওরা মানুষের হূদয় জয় করেছে।’