শেখ রাসেল স্কুল টেবিল টেনিস টুর্নামেন্টে বালক ও বালিকাদের জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা স্কুলের হৃদয় হোসেন ও নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের সাদিয়া রহমান মৌ।
পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল বালক জুনিয়র এককের ফাইনালে হৃদয় ৩-০ গেমে হারিয়েছে বিকেএসপির আকাশকে। বালিকা জুনিয়রের এককের ফাইনালে মৌ একই ব্যবধানে হারিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডের আফসানাকে। সাব-জুনিয়র বিভাগের বালক এককে চ্যাম্পিয়ন বিকেএসপির টোবা ৩-০ গেমে হারিয়েছে পাবনা টেকনিক্যাল স্কুলের সানকে। সাব-জুনিয়র বালিকা এককের ফাইনালে নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তুশি ৩-১ গেমে জিতেছে চট্টগ্রামের কাফকো স্কুলের মনামির বিপক্ষে। প্রতিবন্ধীদের বিভাগে বালক এককে চ্যাম্পিয়ন প্রয়াস স্কুলের নাইমুর রহমান, বালিকা এককেও চ্যাম্পিয়ন একই স্কুলের সাদিয়া আক্তার উর্মি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।