হৃদয়ও জিতেছে জার্মানি

রেফারির বাঁশির সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল ম্যাচ। জয়ী দল মেতে উঠেছে বুনো উল্লাসে। আলোর ওপাশেই অন্ধকার, পরাজিত খেলোয়াড়রা ওদিকে ম্লান পরাজয়ের লজ্জা আর হতাশায়। সেদিকে তাকানোর সময় কোথায় বিজয়ীর! উল্লাস আর গর্জনে জয়ীরা দাপিয়ে বেড়াচ্ছে সারা মাঠ। শ্রেষ্ঠরা হুংকার ছাড়বে, লড়াইয়ে হেরে শ্রেষ্ঠত্ব মেনে নেবে পরাজিতরা, এটাই তো নিয়ম।
যুগ যুগ ধরে ফুটবল মাঠে জয়ী আর পরাজিত দলের সম্পর্কের নিয়মটা ছিল এমনই। কিন্তু সনাতন সেই ধারাটা এবার বুঝি বদলেই দিল জার্মানি। এ বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই পরাজিত দলের সঙ্গে অদ্ভুত বিস্ময়কর বিনয়ী আচরণ করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। ফুটবলটা নাকি ভদ্রলোকের খেলা নয়, এবারের জার্মানিকে দেখেও কি তা বলবে কেউ? গতিময় শৈল্পিক ফুটবলের সঙ্গে বিনয় ও সৌজন্যবোধের পারফরম্যান্সটাও খুব কম দেখায়নি বিশ্বকাপ ট্রফির নতুন মালিকরা।

গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচটি বাদে প্রতিটিতেই তারা তুলেছে জয়, পর্তুগাল আর ব্রাজিলের বিপক্ষে তো সেই জয় রীতিমতো প্রতিপক্ষকে তছনছ করে। তবু কোনো ম্যাচ জিতেই দৃষ্টিকটু বুনো উল্লাসে মাতেনি দলের কেউ। বরং সান্ত্বনা দিয়েছে পরাজিত দলের খেলোয়াড়দের, মাঠ ছাড়ার সময়ে দারুণ বিনয়ে হাত বাড়িয়ে দিয়েছে।
ব্রাজিলের জালে প্রথমার্ধে পাঁচ গোল জড়িয়ে বিরতিতেই নাকি জার্মানরা ঠিক করেছিল, পরের অর্ধে গোল উদযাপনই করা হবে না। এমনকি ম্যাচের পর সংবাদ সম্মেলন করে স্বাগতিকদের কাছে ‘ক্ষমা’ পর্যন্ত চেয়েছে জার্মানরা।
ফাইনাল ম্যাচ শেষেও জার্মানরা অবতারণা করলো বিরল এক দৃশ্যের। জার্মানরা ততক্ষণে বিশ্বজয়ী। রানার্সআপের পদক নিতে মেসিরা মঞ্চে উঠতেই চ্যাম্পিয়নদের কাছ থেকে পেল অপ্রত্যাশিত ‘গার্ড অব অনার’-এর সম্মান। যেন যোগ্যতর এক দল সম্মান জানাল তাদের প্রতিদ্বন্দ্বীকে।
সৌজন্যবোধে পুরো জার্মান দলকে ছাপিয়ে গেছেন একজন—বাস্তিয়ান শোয়েইনস্টেইগার। পর্তুগালকে চার গোল দিয়ে উড়িয়ে দেওয়ার পর রিজার্ভ বেঞ্চ থেকে উঠে গিয়ে সিআরসেভেন রোনালদোকে সান্ত্বনা দিয়েছেন শোয়েনস্টাইগার। কোয়ার্টার ফাইনালে তাঁর হার্দিক আলিঙ্গন পেয়েছেন করিম বেনজেমা, সাত গোলের লজ্জায় ক্রন্দনরত ডেভিড লুইজকে জড়িয়ে ধরেছেন অসাধারণ মমতায়। ফাইনালের পর শিরোপা হারানোর হতাশায় নুয়ে পড়া আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকেও দিতে ভুললেন না প্রাপ্য সম্মান। প্রতিপক্ষকে যারা সম্মান দিতে পারে, বিশ্বজয়ীর সম্মান তো তাদেরই প্রাপ্য!
মাঠে দানবীয় পারফরম্যান্সে সেরা দল হিসেবেই বিশ্বকাপ জিতেছে জোয়াকিম লোর জার্মানি। শুধুই কি বিশ্বকাপ? বিনয়ের অসামান্য প্রদর্শনী দিয়ে হৃদয়টাও যে জিতে নিয়েছে তারাই!
