হৃদয়সূত্রে বাঁধা দুই আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি বন্ধু মোহাম্মদ আলীর বাড়িতে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। ছবি: ওয়েভ থ্রি নিউজ
বাংলাদেশি বন্ধু মোহাম্মদ আলীর বাড়িতে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। ছবি: ওয়েভ থ্রি নিউজ

দুজনের নাম একই, ইংরেজি বানান যদিও একটু আলাদা। পরস্পরের প্রতি রয়েছে হৃদয়ের টান। দুই বন্ধুর একজন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। আরেকজন তাঁর বাংলাদেশি বন্ধু মোহাম্মদ আলী।

দুই আলী একে অন্যকে ভালোবাসতেন গভীরভাবে। দুজন দুই প্রান্তে থাকলেও যোগাযোগ হতো প্রায়ই। সাত মাস আগে মুষ্টিযোদ্ধা আলী ফোন করেছিলেন বাংলাদেশের বন্ধু আলীকে। বলেছিলেন, ‘আলী আমি আসছি। তুমি বাংলাদেশে ফেলে আসা আমার যমজ ভাই।’

১৯৭০ এর দশকে দুজনের বন্ধুত্ব শুরু। মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী তখন বাংলাদেশে। ছিলেন বাংলাদেশি বন্ধু আলীর বাড়িতেই। ঘুমিয়েছেন আলীর ছেলের বিছানায়।

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইভিল শহরে চিরনিদ্রায় শায়িত হলেন। প্রিয় বন্ধুকে শেষ বিদায় জানাতে ছুটে গেছেন বাংলাদেশের মোহাম্মদ আলী। হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচারের কথা ছিল। সেটি বাতিল করে দেন। ভয় হয়, যদি আর না বাঁচেন। যদি বন্ধুকে শেষ বিদায় জানাতে না পারেন। উড়োজাহাজে উড়াল দেন বাংলাদেশ থেকে কানাডায়। সেখান থেকে যুক্তরাষ্ট্রে। চোখের জলে আর ভালোবাসায় বিদায় জানান বন্ধু ‘দ্য গ্রেটেস্টকে’।

বাংলাদেশে মোহাম্মদ আলী মানবাধিকার ও শান্তি-বিষয়ক উপদেষ্টা। জানালেন, মুষ্টিযোদ্ধা আলীই তাঁকে মানবতার সেবায় কাজ করতে উৎসাহিত করেছেন। বন্ধু বলতেন, ‘মানবতার জন্য কাজ করো। মানবতার মৃত্যু নেই।’ ওয়েভ থ্রি নিউজ অবলম্বনে