হেইঙ্কেসের চুক্তি নবায়ন হতে পারে
এই মৌসুমে ইয়ুপ হেইঙ্কেস কোচ হিসেবে সফল নন, যদি বুন্দেসলিগায় সাফল্যের ব্যাপারটি বিচার্য হয়। টানা দ্বিতীয়বারের মতো বায়ার্ন মিউনিখ এবার শিরোপা হারাতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে। কিন্তু ইউরোপীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের পারফরমেন্স বিবেচনায় অবশ্য অনেক খানিই এগিয়ে আছেন এই জার্মান কোচ। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দলকে পাইয়ে দিয়েছেন ক্লাব ফুটবলের সবচেয়ে গৌরবময় আসর চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকিট। আর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ হয়তো চুক্তি নবায়ন করা হতে পারে ইয়ুপ হেইঙ্কেসের। সম্প্রতি তেমনই ইঙ্গিত দিয়েছেন জার্মান ক্লাবটির সিইও কার্ল-হেইঞ্জ রুমেনিগে।বায়ার্ন মিউনিখের সঙ্গে হেইঙ্কেসের চুক্তি আছে ২০১৩ সাল পর্যন্ত। তবে গুঞ্জন উঠেছিল যে এই মৌসুম শেষে অবসরও নিয়ে নিতে পারেন তিনি। তবে এমন কথা একেবারেই উড়িয়ে দিয়েছেন বায়ার্নের সিইও রুমেনিগে। তিনি বলেছেন, ‘ইয়ুপ এমন মানুষ না। তাঁর এ রকম কোনো ভাবনাও নেই। এদিক দিয়ে তিনি বিশেষ একজন। আর যদি তিনি চান, তাহলে ২০১৩ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তা আবার নবায়ন করা যেতে পারে।’আগামী ১৯ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে চেলসির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। নিশ্চিতভাবেই এই ম্যাচের ফেবারিট তকমাটা লাগানো যায় বাভারিয়ানদের গায়ে। কারণ স্বাগতিক হওয়ার সুবিধা তো আছেই, তার ওপরে সেদিন মাঠে নামতে পারবেন না চেলসির কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যাদের মধ্যে আছেন নিয়মিত অধিনায়ক জন টেরিও।