হেইঙ্কেসের বৃত্ত পূরণ
একটা বৃত্ত পূরণ করে ফেললেন ইয়ুপ হেইঙ্কেস। জন্ম, বেড়ে ওঠা জার্মানির মনশেনগ্লাডবাখ শহরে। এই শহরেরই ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডবাখের হয়ে ১৯৬৩ সালে পেশাদার ফুটবলে অভিষেক। ১৯৭৯ সালে হেইঙ্কেসের কোচিং ক্যারিয়ারেরও শুরু এই বরুসিয়া মনশেনগ্লাডবাখে। কাকতালীয়ভাবে গতকাল বায়ার্ন মিউনিখ কোচের একটা অধ্যায়ের শেষের সঙ্গেও জড়িয়ে থাকল সেই মনশেনগ্লাডবাখ। কাল লিগের শেষ ম্যাচে বায়ার্নের প্রতিপক্ষ ছিল এই মনশেনগ্লাডবাখই। শুধু বায়ার্নের কোচ হিসেবেই নয়, হেইঙ্কেসের কথামতো বুন্দেসলিগার কোচ হিসেবেই এটা ছিল তাঁর শেষ ম্যাচ। এএফপি, ওয়েবসাইট। হেইঙ্কেস নিজেই বলেছেন, এর মধ্য দিয়ে একটা বৃত্ত হলো তাঁর। পূরণ হলো তা জয়ের আনন্দেই। সাত গোলের রোমাঞ্চের ম্যাচে বায়ার্ন জিতেছে ৪-৩ গোলে। ম্যাচ শেষে তাঁর প্রতিক্রিয়া কি, তা জানা যায়নি। তবে ম্যাচের আগে হেইঙ্কেসের কথা, ‘এটা আমার ক্লাব। এই ক্লাবেই ১৯ বছর বয়সে আমি পেশাদার ফুটবল শুরু করেছিলাম। পরে কোচ হিসেবেও কাজ শুরু করি এখানেই। সেই হিসেবে আমি একটা বৃত্ত পূরণ করতে যাচ্ছি।’ হেইঙ্কেস নিজেই বলছেন, ম্যাচটা হতে যাচ্ছে তাঁর আবেগের, ‘মনশেনগ্লাডবাখ আমার জন্মশহর। এই ক্লাবে আমি ২৩টি বছর কাটিয়েছি। কাজেই এটা আমার জন্য সাধারণ এক ম্যাচ হবে না।’৬৮ বছর বয়সী কোচের শেষের এ কথাটায় একটা আক্ষেপও যেন চুয়ে পড়ছে। বায়ার্ন যে ইতিহাসে প্রথমবারের মতো ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন দেখছে, তার মূলে কোচ হেইঙ্কেসের অবদান অনেক। অথচ আগামী মৌসুমেই তিনি আর বায়ার্নের কোচ থাকছেন না। তাঁর জায়গায় আসছেন বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা। বায়ার্ন গার্দিওলার সঙ্গে চুক্তিটাও করে ফেলেছে চলতি মৌসুমের মাঝপথেই। ব্যাপারটি হেইঙ্কেসের জন্য বিব্রতকর। এ নিয়ে কোনো কথা বলেননি। তবে স্পষ্টই জানিয়ে দিয়েছেন, বুন্দেসলিগায় আর কোনো ক্লাবের কোচ হবেন না। তবে কি হেইঙ্কেস পাড়ি জমাচ্ছেন বিদেশে? বয়সে ভাটার টান, অ্যালেক্স ফার্গুসনের মতো কোচিং ক্যারিয়ারেরই ইতি টানার সম্ভাবনা আছে। তবে হেইঙ্কেস বলছেন, বিশ্বের অনেক ক্লাবই পেতে চাইছে তাঁকে, ‘সারা বিশ্বই আমার সঙ্গে যোগাযোগ করছে এবং আমাকে চায়। কিন্তু আমার এখনো চুক্তি আছে। অন্য কোনো কথাবার্তা নয়, আমি এখন মনোযোগ দিতে চাই চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দিকে।’