হেইডেনের আত্মজীবনী নিয়ে তোলপাড়
সাত বছর আগের এক বিতর্ক আবার উসকে দিলেন ম্যাথু হেইডেন। আত্মজীবনী স্ট্যান্ডিং মাই গ্রাউন্ড-এ অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার লিখেছেন, সবুজ উইকেট দেখে ভয়ে ২০০৪ সালের নাগপুর টেস্টে খেলেননি সৌরভ গাঙ্গুলী ও হরভজন সিং। জবাব দিতে অবশ্য দেরি করেননি সৌরভ ও হরভজন। দুজনই পাল্টা আক্রমণ করেছেন হেইডেনকে।২০০৪ সালের বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ছিল নাগপুরে। ওই টেস্টেই ভারতকে ৩৪২ রানে হারিয়ে অস্ট্রেলিয়া নিশ্চিত করেছিল সিরিজ জয়, জিতেছিল ‘ফাইনাল ফ্রন্টিয়ার।’ মহাগুরুত্বপূর্ণ ওই টেস্টে খেলেননি সেই সময়ের অধিনায়ক সৌরভ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সব সময়ই দুর্দান্ত বোলিং করা হরভজন। রহস্যময় ‘চোট’ আর ‘খাদ্যে বিষক্রিয়া’ নিয়ে সে সময় ব্যাপক হইচই হয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমে। সময়ের পরিক্রমায় হারিয়েই গিয়েছিল সেসব বিতর্ক। হেইডেনের লেখায় আবার জীবিত হলো সেই অধ্যায়।হেইডেন লিখেছেন, ‘নাগপুরের উইকেট দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। উইকেটের ঘাস দেখে আমার মনে হচ্ছিল, এটা বুঝি ব্রিসবেনের উইকেট! টেস্টের দিন দুয়েক আগে গাঙ্গুলী ও হরভজন যখন উইকেট দেখতে গেল, ওরা এমনভাবে দেখছিল যেভাবে শিলাবৃষ্টির পর কৃষক তার ফসল দেখে। তখনই আমরা বুঝে গিয়েছিলাম ওরা কেউ খেলবে না এবং খেলেওনি। হুট করে গাঙ্গুলীর পায়ের পেশিতে টান লাগল, হরভজনেরও হঠাৎ করে খাদ্যে বিষক্রিয়া হয়ে গেল। তবে আমরা ওদের রোগের নাম দিয়েছিলাম ‘‘গ্রিনট্র্যাকিটিস’’, যখন বোঝা যায় সবুজ উইকেট ব্যাটসম্যানের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে, বা স্পিনারদের সাহায্য করবে না তখন এই রোগ দেখা দেয়।’হরভজনের সঙ্গে হেইডেনের চিরকালীন বৈরিতা। পুরোনো ‘শত্রু’কে স্বভাবসুলভ আক্রমণাত্মক ভাষাতেই জবাব দিয়েছেন ভারতীয় স্পিনার, ‘আমি বুঝি না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা চায় কী? বিক্রি বাড়ানোর জন্য রিকি পন্টিংও বইয়ে অনেক ফালতু কথা লিখেছিল, হেইডেনও সেটাই করছে। হরভজনের সামর্থ্য বিচার করার জন্য হেইডেন কে? আমি উন্মুক্ত চ্যালেঞ্জ করছি, যখন যেখানে চায়, আমি ওকে বোলিং করতে রাজি আছি। আমি প্রস্তুত, ওর সেই সাহস আছে?’সৌরভ জবাব দিয়েছেন সংযত ভাষায়, কিন্তু যুক্তি দিয়ে, ‘আমি তাকে অনুরোধ করব আন্তর্জাতিক ক্রিকেটারের মতো আচরণ করতে। নাগপুরকে দেখে ওর ব্রিসবেনের কথা মনে পড়ে গিয়েছিল। আমি ওকে মনে করিয়ে দিতে চাই, ২০০৩ সালে ব্রিসবেনে আমার সেঞ্চুরি আছে। ওই ম্যাচের পর ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে আমরা সব ম্যাচেই হারিয়েছি। সবগুলো জয়েরই গুরুত্বপূর্ণ অংশ ছিলাম আমি ও ভাজ্জি।’আরেক ভারতীয় শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে অবশ্য হেইডেন বলেছেন সবচেয়ে শক্ত প্রতিপক্ষ। কার্টলি অ্যামব্রোসকে বলেছেন মুখোমুখি হওয়া সেরা বোলার, খুব কাছাকাছি ওয়াসিম আকরাম। তবে বিতর্ক একটা নিজ দেশেও উসকে দিয়েছেন। শেন ওয়ার্নকে অনেকেই মনে করেন অধিনায়কত্ব না করা সেরা অস্ট্রেলিয়ান ক্রিকেটার। কিন্তু হেইডেন লিখেছেন, ‘ওয়ার্ন কৌশলী ছিলেন, কিন্তু সামগ্রিকভাবে টেলর ও পন্টিংয়ের মতো অধিনায়ক হতে পারতেন না।’ ওয়েবসাইট।