হেইন্স-আতাপাত্তুর নতুন ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড সফরের জন্য স্টুয়ার্ট লকে মূল কোচের দায়িত্ব দেওয়ায় ফাঁকা হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটিং কোচের জায়গাটি। যাঁর ব্যাটিং টেকনিককে মনে করা হতো প্রায় নিখুঁত, সেই মারভান আতাপাত্তুকে দেওয়া হয়েছে নতুন ব্যাটিং কোচের দায়িত্ব। পরশু ঠিক একই রকম দায়িত্ব পেয়েছেন আরেক সাবেক তারকা ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ওপেনার ডেসমন্ড হেইন্সকে।১৬ বছরের ক্যারিয়ারে ১১৬ টেস্টে ১৮টি সেঞ্চুরি আছে হেইন্সের, আরেক বার্বাডিয়ান গর্ডন গ্রিনিজের সঙ্গে তাঁর জুটিকে মনে করা হয় সর্বকালের সেরা উদ্বোধনী জুটিগুলোর একটি। ওয়ানডেতে তাঁর ১৭ সেঞ্চুরি সর্বোচ্চ হয়ে ছিল অনেক দিন। ১৯৯৪ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেও ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন ১৯৯৭ সালে। এরপর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক, প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন। সর্বশেষ গত সপ্তাহের ট্রেনিং ক্যাম্পে কাজ করেছেন জাতীয় দলের ব্যাটসম্যানদের নিয়ে। কাজ ভালো হয়েছে বলেই হয়তো ‘পুরস্কার’ পেলেন। পাকিস্তান সিরিজে ভালো করলে দায়িত্বটা দীর্ঘ মেয়াদের জন্যও পেয়ে যেতে পারেন। কারণ, ওয়েস্ট ইন্ডিজের মূল কোচ ওটিস গিবসন ছিলেন বোলিং অলরাউন্ডার।আতাপাত্তুর নিয়োগের কাজটা অনেকটাই এগিয়ে গিয়েছিলেন সদ্য পদত্যাগী প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা। আতাপাত্তুর উপস্থাপনায় মুগ্ধ হয়েছিল ডি সিলভার নির্বাচক কমিটি। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান মনে করা হয় আতাপাত্তুকে। আন্তর্জাতিক ক্রিকেটে রান করেছেন ১৪ হাজারের বেশি, টেস্টে তাঁর চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি (৬) আছে মাত্র চারজনের। ২০০৭ সালে ক্রিকেটকে বিদায় জানানোর পর ২০০৯ সালে কিছু সময়ের জন্য ব্যাটিং কোচ ছিলেন কানাডার, গত বছর কোচিং করিয়েছিলেন সিঙ্গাপুরকে।এদিকে আইপিএল থেকে শ্রীলঙ্কার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে দু-এক দিনের মধ্যে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) চুক্তিবদ্ধ ক্রিকেটারদের দেশে ফিরতে বলেছিল ৫ মের মধ্যে। কিন্তু ২২ মে পর্যন্ত শ্রীলঙ্কান ক্রিকেটারদের থাকতে দেওয়ার অনুরোধ জানিয়ে এসএলসিকে চিঠি পাঠিয়েছে বিসিসিআই। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে দেশের বাইরে থাকায় এ নিয়ে আলোচনা হয়নি। গতকালই তাঁর দেশে ফেরার কথা। তাঁর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এসএলসি। ওয়েবসাইট।