হেইন্সে মুগ্ধ সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

কেমন দেখলেন সিপিএল?
প্রশ্নটা দেশে ফিরে প্রায় প্রতিদিনই শুনতে হচ্ছে। কাল শুনলেন খোদ ক্যারিবিয়ান ক্রিকেট লিগের (সিপিএল) আয়োজকদের কাছ থেকেই। শোনা মানে, একটা ই-মেইলে তাঁরা সাকিব আল হাসানের কাছে জানতে চেয়েছেন সিপিএল-অভিজ্ঞতার কথা। সাকিবও প্রশংসায় ভাসানো জবাবই দিয়েছেন। পুরো সিপিএলটাই তাঁর চোখে চমৎকার এক পেশাদার আয়োজন। ম্রিয়মাণ ক্যারিবীয় ক্রিকেটে পুরোনো তেজ ফিরিয়ে আনার টনিক। ভ্রমণসংক্রান্ত যে একটু সমস্যার কথা বলেছেন, সেটা যেন বলার জন্যই বলা।
বিপিএলের মতো প্রতিশ্রুতি ভঙ্গের আসর নয় সিপিএল। টাকাপয়সা থেকে শুরু করে অন্যান্য সব সুযোগ-সুবিধার ক্ষেত্রেই কথা রেখেছেন আয়োজকেরা। সিপিএলের প্রেমে পড়াটা তাই স্বাভাবিক। ক্যারিবীয়দের খেয়ালি জীবনও বেশ টেনেছে সাকিবকে। আর ৬ রানে ৬ উইকেট পাওয়ার রোমাঞ্চ তো যেন এখনো গায়ে মেখে আছেন! কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দাঁড়িয়েও ফিরে গেলেন সেই স্মৃতিতে, ‘৬ রানে ৬ উইকেট পাওয়াটাই বেশি মজার ছিল। এ রকম তো সব সময় হয় না। ডিজিসেল ওটার স্পনসর ছিল। ডিজিসেলের শোরুমে সারাক্ষণ ওই ম্যাচটাই দেখাত। সেমিফাইনালের আগে ত্রিনিদাদে গেছি, দেখি ওটাই দেখাচ্ছে।’
তবে এত সব ভালো লাগার তুলনামূলক ছবি আঁকতে বললে সাকিব হয়তো সবার আগে বলবেন একটা নাম—ডেসমন্ড হেইন্স। ক্যারিবীয় ক্রিকেটের স্বর্ণযুগের সেনানী হেইন্স, বাংলাদেশেও যাঁর জনপ্রিয়তা কম ছিল না। সিপিএলে সাকিবের দল বারবাডোজ ট্রাইডেন্টসের কোচ ছিলেন ১১৬ টেস্ট আর ২৩৮ ওয়ানডেতে ১৬ হাজারের ওপরে রান করা রিচি রিচার্ডসনের এই ওপেনিং সঙ্গী। সেই সূত্রে কাছ থেকে দেখার সুযোগ এবং সাকিবের মুগ্ধতা। আর এই মুগ্ধতা এতই সীমা ছাড়ানো যে হেইন্সকে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবেও কল্পনা করতে শুরু করেছেন, ‘হেইন্সকে অসম্ভব ভালো লেগেছে। আমাদের যদি ব্যাটিং কোচ দরকার হয়, তাঁর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আমাদের জন্য খুব ভালো ব্যাটিং কোচ হতে পারেন তিনি। আমাদের তো এখন স্পেশালিস্ট ব্যাটিং কোচ নেই। বিসিবি চিন্তা করে দেখতে পারে।’
ব্যাটসম্যান হেইন্সের সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না। কিন্তু কোচ হেইন্সের মধ্যে কী এমন দেখলেন যে, বাংলাদেশ দলের ব্যাটিং কোচের শূন্য পদটাই দিয়ে দিতে চাচ্ছেন সাবেক এই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানকে? সাকিবের মুখেই শুনুন, ‘দেখুন, ব্যাটিংয়ের মৌলিক বিষয়গুলো সবাই জানে। খেলোয়াড়দের অনুপ্রাণিত করাটাই হলো আসল।’ হেইন্স যে কাজটা ভালোই পারেন, তিনি সেটা বুঝেছেন নিজের অভিজ্ঞতা থেকেই, ‘টুর্নামেন্টে আমি ভালো খেলছিলাম না। ওই সময়ে ওর কথাগুলো অনেক ভালো লেগেছে। অনেক কোচই আছেন যাঁরা ভালো করলে ভালো ভালো কথা বলেন। আর খারাপ করলে বলতে থাকেন এই হচ্ছে না, ওই হচ্ছে না। হেইন্সের মধ্যে এটা দেখিনি। একটা খেলোয়াড়ের কখন কোচ দরকার? যখন ভালো করছে তখন তো দরকার নেই। যখন খারাপ করবে তখনই কোচের কাজটা গুরুত্বপূর্ণ।’
শুনে মনে হতে পারে খারাপ খেলছিলেন বলে হেইন্স বুঝি সারাক্ষণ সাকিবকে নিয়েই পড়ে ছিলেন। বাস্তবতা হলো কোচ করেছেন ঠিক এর উল্টো। সাকিবের সেটাই ভালো লেগেছে, ‘ওয়ান টু ওয়ান কথা তাঁর সঙ্গে কখনোই হয়নি। এটাই ভালো। ওরা আমাকে অনেক প্রত্যাশা করে নিলেও ব্যাটিংয়ে সেটা দিতে পারিনি। কোচ এ নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারতেন। কিন্তু বলেননি। খারাপ খেলা অবস্থায় কোনো খেলোয়াড়কে কিছু বললে সে উল্টো চাপে পড়ে যায়। তার মনে হতে পারে, খারাপ খেলছি বলেই বুঝি এসব বলছে।’
সাকিবের ভাষায় হেইন্সের সঙ্গে তাঁর বরং ‘হালকা-পাতলা’ কথাই হতো। সিপিএলজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অন্য গ্রেটদের সঙ্গে তো নাকি সেটা ‘হাই-হ্যালো’রও বাইরে যায়নি, ‘সবাই কোনো না কোনো দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ব্রায়ান লারা থেকে শুরু করে ডেসমন্ড হেইন্স, ভিভ রিচার্ডস বা গর্ডন গ্রিনিজ সবাই। দেখা হলে হাই-হ্যালো হতো...এই তো।’
ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রে শ্বশুরবাড়িতে বেড়িয়েছেন। সেখান থেকে ইংলিশ কাউন্টি খেলে তবেই সিপিএলে। পুরো সময়টাই স্ত্রী সাকিব উম্মে আল হাসান (শিশির) সঙ্গে থাকায় ক্রিকেটারের জীবনটাকে এবার আর যাযাবরের জীবন মনে হয়নি নিশ্চয়ই। বরং ওয়েস্ট ইন্ডিজে বন্ধু তামিম ইকবাল দম্পতির দেখা পেয়ে যাওয়ায় সংক্ষিপ্ত ‘প্রবাসী’ জীবনের শেষটা হয়েছে দারুণ ‘ওখানে তো সব জায়গাই ঘোরার জায়গা। খুব ভালো সময় কেটেছে। সঙ্গে তামিম আর তামিমের স্ত্রীও ছিল। একসঙ্গে সবাই ঘুরে বেড়াতাম। মজার সময় কেটেছে।’
আনন্দময় সময়ের কিছুটা কৃতিত্ব বোধ হয় ক্যারিবীয়দেরও প্রাপ্য। সারাক্ষণ কানে হেডফোন লাগিয়ে হেলতে-দুলতে থাকা ক্যারিবীয়রাও মাঝেমধ্যে থমকে দাঁড়িয়েছে সাকিবকে দেখে। বাংলাদেশের ক্রিকেটের দূতকে চিনতে কষ্ট হয়নি একটুও। বারবাডোজ তো সাকিবেরই ‘দেশ’ এখন। ভক্তের দেখা মিলেছে অন্যান্য দ্বীপেও। ভালো খেলার শুভকামনা জানানোর সঙ্গে অদ্ভুত এক আবদারে কেউ কেউ বুঝিয়ে দিয়েছেন তাঁরা আসলেই ওয়েস্ট ইন্ডিয়ান, ‘ভালো খেলো। তবে প্লিজ, আমাদের সঙ্গে হেরে যেয়ো...।’