হেক্সার স্বপ্ন পূরণ হবে ব্রাজিলের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলম্বিয়া-বাধা পেরিয়েও দুশ্চিন্তামুক্ত হতে পারছেন না ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি  l রয়টার্স
কলম্বিয়া-বাধা পেরিয়েও দুশ্চিন্তামুক্ত হতে পারছেন না ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি l রয়টার্স

দলের প্রাণভোমরা নেইমারের বিশ্বকাপ থেকে ছিটকে পড়া সেলেসাওদের জন্য বড় ধাক্কা। তবে ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো লুইস ফেলিপে স্কলারি অভিজ্ঞ রণকৌশলী। ষষ্ঠ শিরোপা ‘হেক্সা’র স্বপ্ন দেখা ব্রাজিল দল নেইমারের অনুপস্থিতি হয়তো এভাবেও সামাল দেওয়ার চেষ্টা করতে পারে।
উইলিয়ান
গত বছর ব্রাজিলের কনফেডারেশনস কাপ জয়ী দলে ছিলেন না চেলসি মিডফিল্ডার। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে চমৎকার এক মৌসুম কাটানোর পুরস্কার হিসেবে ঠিকই জায়গা করে নিয়েছেন স্কলারির বিশ্বকাপ দলে। চিলির সঙ্গে টাইব্রেকারে পেনাল্টি মিস করলেও নেইমারের জায়গায় উইলিয়ানের খেলার সম্ভাবনাই বেশি, মাঠের দুই প্রান্ত বা মাঝে যেকোনো জায়গাতেই তাঁর খেলতে পারার সক্ষমতার কারণে।
বার্নার্ড
উইলিয়ান শাখতার দোনেৎস্ক ছেড়ে চেলসিতে যোগ দেওয়ার পর ইউক্রেনের ক্লাবটি দলে টানে বার্নার্ডকে। বয়স মাত্র ২১ হলেও পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা মিডফিল্ডারের গতি নেইমারের অনুপস্থিতিতে স্কলারির জন্য হতে পারে বড় সম্পদ। যদিও টুর্নামেন্টে এখন পর্যন্ত মাঠে নেমেছেন মাত্র দুবার, তাও বদলি হিসেবে, তবু চমক দেখানোর ক্ষমতা বার্নার্ডের আছে।
লুইজ গুস্তাভো
দুই হলুদ কার্ডের শাস্তি হিসেবে কলম্বিয়ার সঙ্গে ম্যাচটি খেলতে পারেননি ভলসবুর্গ মিডফিল্ডার। সেদিন মাঝমাঠে পাওলিনহো এবং ফার্নান্দিনহোর খেলা প্রশংসা কুড়িয়েছে কোচ স্কলারির। জার্মানির সঙ্গে সেমিফাইনালে গুস্তাভো ফিরছেন নিশ্চিত। তবে জার্মানি মাঝমাঠে যেন তাদের নিজেদের খেলা না খেলতে পারে, সেটা নিশ্চিত করতে কোচ তিনজন সেন্ট্রাল মিডফিল্ডারকেই মাঠে নামাতে পারেন।
রামিরেস
জার্মান অধিনায়ক ফিলিপ লামের ওভারল্যাপ করে আসা আক্রমণ ঠেকাতে স্কলারি চেলসি মিডফিল্ডার রামিরেসকেও ব্যবহার করতে পারেন। ২০১১-১২ মৌসুমে চেলসির চ্যাম্পিয়নস লিগ জয়ে তাঁর ভূমিকা ছিল অনবদ্য, বিশেষ করে বার্সেলোনার সঙ্গে ম্যাচে আক্রমণ ঠেকানোর পাশাপাশি তাঁর গোলেই ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পেয়েছিল দল। স্কলারি সেই চেলসির রামিরেসকেই চাইবেন ব্রাজিলের জার্সি গায়ে।
অতিরিক্ত সেন্টারব্যাক
ব্রাজিল তো শুধু নেইমারেরই অভাববোধ করবে না, অধিনায়ক থিয়াগো সিলভাও খেলতে পারবেন না দুই হলুদ কার্ডের শাস্তি হিসেবে। পিএসজি ডিফেন্ডারের অনুপস্থিতিতে তিনজন সেন্টারব্যাকও খেলাতে পারেন স্কলারি ৩-৫-২ ফর্মেশনে, ফলে মার্সেলো সামনে গিয়ে আক্রমণ শানানোর সুযোগটা পাবেন আরও বেশি। দান্তে বা হেনরিক হয়তো টুর্নামেন্টে তাঁদের প্রথম ম্যাচ খেলতে নামবেন জার্মানির সঙ্গে। সূত্র: এএফপি।