হেগের আইসিসি ও ক্রিকেটের আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনিসুল হকের ক্রিকেট কলাম পড়ার জন্য প্রথম আলো কিনে এনেছিলাম। শেষের পাতায় তাঁর লেখা ছাপা হয়। পত্রিকার ভাঁজ খুলে শেষের পাতা মেলে ধরতেই চোখে পড়ল একটি সংবাদ শিরোনাম, ‘গাদ্দাফির অপরাধ তদন্ত করবে আইসিসি’। এ আবার কোন আইসিসি! শিরোনামে আইসিসি আছে বিধায় খেলার খবর বাদ দিয়ে ওই সংবাদটিই প্রথমে পড়লাম। দেখলাম, এই আইসিসি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক আইসিসি নয়। এ এক ভিন্ন আইসিসি। এটা নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। আর ক্রিকেটের সঙ্গে যুক্ত আইসিসি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সে-ও অপরাধের তদন্ত করে বটে। তা না হলে চলমান বিশ্বকাপ ক্রিকেট-রণাঙ্গনে আমরা পাকিস্তানের সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকেও দেখতে পেতাম।ভালোই হলো। নতুন করে মনে পড়ল এই তথ্যটি যে, আমাদের দেশে এখন শুধু বিশ্বকাপ ক্রিকেটের উত্তেজক আসরটিই তার চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে চলেছে, এমন নয়—বিশ্বকাপ ক্রিকেটের নিদ্রাকাড়া উত্তেজনার আড়ালে ‘স্লোলি বাট স্টেডিলি’ একাত্তরের ঘাতক-দালালদের দ্বারা সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারকাজটিও যথারীতি এগিয়ে চলেছে। তার জন্য বাংলাদেশে দ্য হেগের আইসিসির আদলেই গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্রিকেটের রণাঙ্গনে কোমর বেঁধে নামার কারণে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি এবং এই কর্ম সমাধানে আমাদের ওপর ন্যস্ত ঐতিহাসিক দায়িত্বের কথাটি আমরা যেন ভুলে না যাই, লিবিয়ার নিষ্ঠুর স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির অপরাধের তদন্ত-দায়িত্ব হাতে নিয়ে হেগের আইসিসি যেন সেই কথাটাই স্মরণ করিয়ে দিয়ে গেল।গতকাল বৃহস্পতিবার, ১৯৭১ সালের সাতই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি ঠিক কখন দিয়েছিলেন, এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য বাংলা একাডেমীর সংগ্রহশালায় ১৯৭১ সালের ৮ মার্চের সংবাদপত্র দেখতে গিয়েছিলাম। বাংলা একাডেমীতে গিয়ে জানতে পারলাম, সেখানে পত্রিকা দেখা এখন সম্ভব নয়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিশেষ ক্ষমতাবলে বাংলা একাডেমীর সংগ্রহশালাটি নিজেদের দখলে নিয়ে নিয়েছে। পুরোনো পত্রিকাগুলো থেকে একাত্তরের অপরাধী এবং তাদের দ্বারা সম্পাদিত অপরাধের প্রমাণ সংগ্রহের কাজ চলছে। জেনে খুব ভালো লাগল। বুঝলাম, দ্রুত রান তুলতে গিয়ে ক্যাচ-আউট হওয়ার ঝুঁকি নিতে চাইছেন না বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।আনিসুল হকের ক্রিকেট-কলামের পাশেই গাদ্দাফির গাদ্দারির তদন্ত করার জন্য দ্য হেগের আইসিসির সিদ্ধান্তের সংবাদটি পাঠকের দৃষ্টি আকর্ষণে সক্ষম হরফে প্রকাশ করার জন্য প্রথম আলোকেও ধন্যবাদ জানাই। ছোট হরফে বা অন্য পাতায় ছাপা হলে খবরটি হয়তো আমার চোখ এড়িয়ে যেত।বর্তমান সময়ের দাবি হচ্ছে, ক্রিকেটও চলবে, একাত্তরের ঘাতক-দালালদের মানবতাবিরোধী অপরাধের বিচারও চলবে। হারলে চলবে না, আমাদের জয়ী হতে হবে দুটোতেই। কামরাঙ্গীরচর৪ মার্চ ২০১১