হেডমাস্টার থেকে প্রধান নির্বাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ক্রিকেটে সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে চাকরি হারিয়েছেন অ্যান্ড্রু হিলডিচ। অনেক যাচাই-বাছাই শেষে হিলডিচের উত্তরসূরি হিসেবে যাঁকে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিল, সেই জন ইনভেরারিটি খেলেছেন মাত্র ৬টি টেস্ট! অথচ ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে ‘আদর্শ’ নিয়োগ!ক্রিকেটের বাইরেও ইনভেরারিটির আছে বাড়তি অভিজ্ঞতা। দীর্ঘ ২৩ বছর খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেট। ব্যাটসম্যান ছিলেন। বাঁহাতি স্পিনটাও ছিল বেশ কার্যকর। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২২১টি উইকেট সেটাই বলে। তবে প্রধান নির্বাচক হিসেবে ইনভেরারিটিকে আদর্শ প্রার্থী বানিয়েছে তাঁর কোচিং এবং শিক্ষকতার অভিজ্ঞতা! ওয়ারউইকশায়ার এবং কেন্টের কোচ ছিলেন। দীর্ঘদিন কাটিয়েছেন শিক্ষকতা পেশায়। ১৯৮১ থেকে ১৯৮৮ পর্যন্ত ছিলেন অ্যাডিলেডের পেমব্রোক স্কুলের ভাইস প্রিন্সিপাল। ১৯৮৯ থেকে ২০০৩ পর্যন্ত ছিলেন পার্থের হেল স্কুলের প্রধান শিক্ষক। ৬৭ বছর বয়সী ইনভেরারিটির চুক্তিটা তিন বছরের। এই সময়ে থাকছে অ্যাওয়ে-হোম, দুটি অ্যাশেজ সিরিজ। ইনভেরারিটির জন্য ওটাই বড় চ্যালেঞ্জ। কারণ, ২০১৩ অ্যাশেজের সময় রিকি পন্টিং ও মাইক হাসি—দুজনেরই বয়স হবে ৩৮ বছর, ব্র্যাড হাডিনের ৩৫। নিয়োগ পেয়েই অবশ্য ইনভেরারিটি জানিয়ে দিয়েছেন তাঁর ক্রিকেট দর্শন, ‘তারুণ্যই ক্রিকেটের জীবনীশক্তি।’ ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে ইনভেরারিটি যুগের। ওয়েবসাইট।