হেনরিকসের ব্যাটে পঞ্চম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের পঞ্চম ওভারের শেষ ডেলিভারি। নাথান লায়নের ঝুলিয়ে দেওয়া বলটি পিচ করেই যেন ছোবল দিল সাপের মতো, উইকেটকিপারের মাথার ওপর দিয়ে সীমানার বাইরে! টিভি ক্যামেরা ড্রেসিংরুমে খুঁজে পেল রবিচন্দ্রন অশ্বিনকে, মুচকি মুচকি হাসছেন। ওই হাসির অর্থ অস্ট্রেলিয়ানরা টের পেল ব্যাটিংয়ে নেমে। প্রথম ইনিংসেই ৭ উইকেট পেয়েছেন, চতুর্থ দিনে ধানখেতের চেহারা নেওয়া উইকেটে কি আর বসে থাকবেন! আবারও গুঁড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার ব্যাটিং-অর্ডার।তবে পেরে ওঠেননি একজনের সঙ্গে। এই তো, কদিন আগেও যাঁর গায়ে ছিল টি-টোয়েন্টি স্পেশালিস্টের তকমা। রঙিন পোশাকের ‘মিনি অলরাউন্ডার’ আরও একবার চমকে দিলেন সাদা পোশাকের প্রথম ম্যাচে। ময়েজেস হেনরিকেসের প্রথম ইনিংসের ব্যাটিং যদি হয় বিস্ময়, দ্বিতীয় ইনিংস প্রমাণ করেছে সেটা ফ্লুক ছিল না। পর্তুগিজ বংশোদ্ভূত অলরাউন্ডারের ব্যাটিং-বীরত্বে শুধু ইনিংস পরাজয় এড়ানোই নয়, ম্যাচ পঞ্চম দিনে আনতে পেরেছে অস্ট্রেলিয়া। নাথান লায়নের সঙ্গে অবিচ্ছিন্ন শেষ জুটির ৫৭ রানে অস্ট্রেলিয়ার লিড ৪০ রান। সাধারণ হিসাবে ভারতের জয় শুধুই সময়ের ব্যাপার। কিন্তু ক্রিকেট কি আর সব সময় সাধারণ হিসাব মেনে চলে? লিডটা যদি কোনোভাবে ১০০-১২০ হয়ে যায়, ২০০৪ সালের এই দুই দলের মুম্বাই টেস্টের স্মৃতি তো তরতাজাই! হেনরিকসের কণ্ঠেও অপ্রত্যাশিত কিছুর প্রত্যাশা, ‘এখান থেকে ম্যাচ বাঁচানো হবে স্বপ্নের মতো। তবে অলৌকিক কিছু আশা নিয়েই কাল (আজ) আমরা নামব।’শেষের প্রতিরোধের আগে ম্যাচ এগিয়েছে অনুমেয় চিত্রনাট্য মেনেই। ক্ষতবিক্ষত উইকেটে অস্ট্রেলিয়ানদের নাকানিচুবানি খাইয়েছেন ভারতীয় স্পিনাররা। ওয়াটসন আউট বাড়তি বাউন্সে, হিউজ আউট আচমকা কাঁধসমান লাফিয়ে ওঠা জাদেজার স্পিনে। বিশাল টার্ন আর গোড়ালিসমান উচ্চতায় থাকা বলে এলবিডব্লু ক্লার্ক। আবার ৫ উইকেট নিয়ে অশ্বিনের ম্যাচ-শিকার ১২টি।সকালে লায়নকে রিভার্স সুইপে চার মেরে শুরু করেছিলেন ধোনি, আরেকটি ছয়ে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন টেন্ডুলকারকে (২১৭) পেছনে ফেলে। তবে প্যাটিনসনের বাউন্সারে আউট হয়ে ছুঁতে পারেননি অ্যান্ডি ফ্লাওয়ারের উইকেটকিপার-ব্যাটসম্যানের রেকর্ড (২৩২*)। এই উইকেটেও ৫ উইকেট আরেকবার প্রমাণ দিল প্যাটিনসনের সামর্থ্য আর সম্ভাবনার। ওয়েবসাইট, স্টার ক্রিকেট।