হেনিন-সেরেনা দুজনকেই ইতিহাসের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কী কথা শুনি আজ মন্থরার মুখে! ব্রিটিশরা সেই কবে তাঁকে ঘিরে স্বপ্ন দেখে আসছে। অ্যান্ডি মারে ঘুচিয়ে দেবেন ব্রিটিশদের প্রায় পৌনে এক শতাব্দীর অপেক্ষা। সেই যে ১৯৩৬ সালে ফ্রেড পেরি জিতলেন, এরপর কোনো ব্রিটিশ পুরুষই আর জিততে পারেননি গ্র্যান্ড স্লাম শিরোপা!শুধু পুরুষ কেন? দুই বিভাগ মিলেই ৩৩ বছর ধরেই কোনো ব্রিটিশ খেলোয়াড় জেতেননি কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা। সর্বশেষ ১৯৭৭ সালে ভার্জিনিয়া ওয়েড উইম্বলডনে জিতেছিলেন মেয়েদের একক। আগামীকাল ফাইনালে মারে যখন মুখোমুখি হবেন রজার ফেদেরারের, ব্রিটিশরা আবারও আশায় বাঁধবে বুক। এবার নিশ্চয়ই ঘুচবে অপেক্ষা।কিন্তু ২২ বছর বয়সী মারে বলছেন, তিনিও শিরোপা জিততে চান। তবে শুধু ব্রিটিশদের অপেক্ষা ঘোচাতে নয়, বরং তাঁর কাছে বেশি গুরুত্ব পাচ্ছে কাছের মানুষ। ‘হ্যাঁ, অবশ্যই আমি তা চাইব। কিন্তু এটা স্লাম জেতার একমাত্র কারণ নয়। আমি বরং জিততে চাই তাদের জন্য, যারা আমার সঙ্গে কাজ করে, যারা আমার আশপাশে থাকে। আমি প্রথমত তাদের জন্যই জিততে চাই।’ কাল জো-উইলফ্রায়েড সোঙ্গাকে ৬-২, ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে আসা ফেদেরার ইঙ্গিত দিয়েছেন, ব্রিটিশদের অপেক্ষাটা ফুরোবে না সহসাই!ওদিকে মেয়েদের এককে আজই ফাইনালে মুখোমুখি হচ্ছেন জাস্টিন হেনিন ও সেরেনা উইলিয়ামস। এই প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছেন এ দুজন। সর্বমোট ১৩ বারের মুখোমুখি লড়াইয়ে সেরেনা ৭-৬-এ এগিয়ে। অবশ্য সর্বশেষ চার লড়াইয়ে তিনবারই জিতেছেন হেনিন। যদিও এই দুজনের সর্বশেষ লড়াটায় (২০০৮-এ, মিয়ামিতে) সেরেনার কাছে হেনিন অসহায় আত্মসমর্পণ করেছিলেন ৬-২, ৬-০ গেমে হেরে। ধারণা করা হয়, ওই বছর মে মাসে হেনিনের অবসর ঘোষণার পেছনে বড় কারণ ছিল এই পরাজয়টাও।সেই হেনিন ১৮ মাস স্বেচ্ছানির্বাসন শেষে ফিরেছেন কোর্টে। স্বপ্নের প্রত্যাবর্তন। টুর্নামেন্টে খেলতে তাঁকে নিতে হয়েছিল ওয়াইল্ড কার্ডের অনুকম্পা। সেই হেনিনই এখন ইতিহাস থেকে এক পা দূরে। আজ জিতলে ইতিহাসের মাত্র দ্বিতীয় নারী হিসেবে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলে গ্র্যান্ড স্লাম জয়ের কৃতিত্ব হবে তাঁর। অন্য কৃতিত্বটি তাঁর স্বদেশি কিম ক্লাইস্টার্সের।অন্যদিকে আজ বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা শিরোপা ধরে রাখলে সেটি হবে তাঁর পঞ্চম অস্ট্রেলিয়ান ওপেন। সব মিলে ১২। সেরেনা ছুঁয়ে ফেলবেন বিলি জিন কিংয়ের রেকর্ড। গতকালই একটা শিরোপা জেতা হয়ে গেছে সেরেনার। মেয়েদের দ্বৈতে বোন ভেনাসকে নিয়ে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দ্বৈত শিরোপা। কারা ব্ল্যাক ও লিজেল হুবার জুটিকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন বলে খুব একটা ক্লান্তিও নেই। বরং আজকের ফাইনালের জন্য ভালো অনুশীলন সেরে ফেলতে পারলেন। এএফপি, ওয়েবসাইট।