হেনিন-সেরেনা ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর মনে হচ্ছে, যেন স্বপ্ন দেখছেন। চারপাশের এই জগতের বাস্তব কোনো অস্তিত্ব নেই। যেন চিমটি কাটলেই ভেঙে যাবে সেই সুন্দর স্বপ্নটা।১৮ মাস কোর্টের বাইরে বলতে গেলে টেনিস থেকে একদম দূরে সরে থাকা, হুট করে অবসর ভেঙে ফেরার ঘোষণা দেওয়ার পর জাস্টিন হেনিন যা দেখাচ্ছেন, অনেককেই চোখ কচলে দ্বিতীয়বার তাকাতে হয়। একটু একটু করে এগোচ্ছেন, আর তাঁর ২০০৩ থেকে ২০০৭-এর সেই অপরাজেয় চেহারাটা দেখা যাচ্ছে। যে চার বছরে হেনিন জিতেছিলেন তাঁর সাতটি গ্র্যান্ড স্লামের সবগুলো। সেমিফাইনালে ঝেং ঝাই যেন হেনিনের সামনে উড়ে গেলেন স্রেফ খড়কুটোর মতো। মাত্র ৫১ মিনিট স্থায়ী ম্যাচে ঝেংয়ের অর্জন বলতে মাত্র একটা গেম জেতা! ৬-১, ৬-০ গেমে ম্যাচ জিতে টুর্নামেন্টের প্রথম ওয়াইল্ড কার্ডধারী খেলোয়াড় হিসেবে হেনিন উঠে গেলেন ফাইনালে। আগামীকাল ফাইনালে তাঁর প্রতিপক্ষ সেরেনা উইলিয়ামস। এই প্রথম দুজন মুখোমুখি হবেন কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে। বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা অবশ্য হেনিনের মতো অনায়াস জয় পাননি। লি নার বিপক্ষে দুটো সেটই জিতেছেন টাইব্রেকে, ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/১) গেমে। ‘চীনা বিপ্লব’টা তাই থেমে গেল সেমিফাইনালেই।ওদিকে ছেলেদের কোর্টে ফাইনালে উঠে গেছেন অ্যান্ডি মারে। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের চমক মার্টিন সিলিচের কাছে প্রথম সেটটা হেরেই গিয়েছিলেন ব্রিটিশ আশার মধ্যমণি। কিন্তু এর পর সিলিচ খুব একটা পাত্তা পাননি (৩-৬, ৬-৪, ৬-৪, ৬-২)। প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপার স্বপ্ন নিয়ে রোববারের ফাইনালে মারের মুখোমুখি হবেন কে—সেটি নির্ধারিত হবে আজ রজার ফেদেরার বনাম জো-উইলফ্রায়েড সোঙ্গার সেমিফাইনালে। ৩৩ বছর পর কোনো ব্রিটিশ উঠে এল অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে।প্রস্তুতির জন্য একটা মাত্র টুর্নামেন্ট খেলেই ফাইনালে উঠে যাওয়ায় হেনিন নিজেও খুব বিস্মিত, ‘এটা অপ্রত্যাশিত। যেন স্বপ্নটা চলছেই। আমি এখন বর্তমান চ্যাম্পিয়ন আর এক নম্বর তারকার বিপক্ষে খেলব। সত্যি বলতে কি, আমি ঠিক নিশ্চিত ছিলাম না কোর্টে আমি কেমন করব, সবকিছু কেমন হবে। আমি শুধু আমার খেলাটা উপভোগ করে গেছি। ধাপে ধাপে নিজেকে এগিয়ে নিয়েছি। ফাইনালে খেলার জন্য এখন আমার তর সইছে না। এটা কেমন জানি অদ্ভুত এক অনুভূতি।’অস্ট্রেলিয়ান ওপেনে এ নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠলেন বেলজিয়ান তারকা। আগের দুবারের প্রথমবার ২০০৪ সালে শিরোপা জিতেছিলেন। ২০০৬ সালে হেরে গিয়েছিলেন অ্যামিলি মরেসমোর কাছে। সেদিন মাত্র একটা সেট খেলা হেনিন আসলে হেরেছিলেন ইনজুরির কাছেই।যাঁকে দেখার পর কোর্টে ফেরার সাধ জেগেছিল তাঁর, সেই স্বদেশি, বন্ধু কিম ক্লাইস্টার্স ওয়াইল্ড কার্ড নিয়েই জিতেছিলেন গত ইউএস ওপেন। শিরোপা জয়ের পথে উইলিয়ামস বোনকেই হারিয়েছিলেন ক্লাইস্টার্স। হেনিন কি পারবেন না সেরেনা-বাধা টপকাতে? আর একটা ধাপ পেরোলেই তো স্বপ্নযাত্রা সার্থক হয় তাঁর!খোদ সেরেনাই কিন্তু স্যালুট ঠুকছেন হেনিনকে, ‘ও আসলে সত্যিকারের লড়াকু এক যোদ্ধা। এই টুর্নামেন্টে সেটা ও আবার প্রমাণ করে দিল। কিন্তু আমিও আমার চেষ্টাটা করে যাব।’ এএফপি।