৯ উইকেট হাতে নিয়ে ৯ রানের লিড— দ্বিতীয় দিন শেষে গল টেস্ট যেন দাঁড়িয়ে ছিল সমতাবিন্দুতেই। কিসের সমতা? কিউইদের সাক্ষাৎ যমদূত হয়ে যে ছিলেন রঙ্গনা হেরাথ! হেরাথের ঘূর্ণিজালে কাল মুহূর্তের মধ্যেই সমতার দড়ি থেকে নিউজিল্যান্ড ছিটকে পড়ল মাঠের বাইরে। প্রথম ইনিংসে ৬৫ রানে ৫ উইকেট নিয়ে সফরকারীদের ২২১ রানে বেঁধে ফেলতে রেখেছেন মুখ্য ভূমিকা। কাল দেখা দেন আরও ভয়ংকর রূপে। ৪৩ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুঁড়িয়ে দিয়েছেন মাত্র ১১৮ রানে। ফল, তৃতীয় দিনের চা-বিরতির আগেই শ্রীলঙ্কার মুঠোয় ১০ উইকেটের জয়। এ নিয়ে সর্বশেষ পাঁচ টেস্টেই হারল নিউজিল্যান্ড। এক উইকেটে ৩৫ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড কাল ৯ উইকেট হারিয়েছে মাত্র ৮৩ রানে। দুই অপরাজিত ব্যাটসম্যান গাপটিল আর উইলিয়ামসনকে আউট করে শুরুটা করে দিয়েছিলেন পেসার কুলাসেকারা। এরপরই দৃশ্যপটে হেরাথ। ২ উইকেট নিয়েছেন আরেক স্পিনার সুরাজ রণদিভও। ম্যাচে হেরাথের ১০৮ রানে ১১ উইকেট ও ইনিংসে ৪৩ রানে ৬ উইকেট নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা শ্রীলঙ্কান বোলিং। কিউইদের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেছেন প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা ড্যানিয়েল ফ্লিন।প্রথম ইনিংসে শ্রীলঙ্কার দুই ওপেনারই আউট হয়েছিলেন শূন্য রানে। সেই জ্বালা মেটাতেই কিনা, ৯৩ রানের লক্ষ্য ১৮.৩ ওভারেই ছুঁয়ে ফেলেছেন পারানাভিতানা ও দিমুথ করুণারত্নে। অভিষিক্ত করুণারত্নেই ছিলেন বেশি আগ্রাসী, ৯ চারে ৬০ বলে ৬০ রান করে থাকেন অপরাজিত। ম্যান অব দ্য ম্যাচ হেরাথ। কলম্বোতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ নভেম্বর।