হেরাথের উইকেট-উৎসব যেন অনিঃশেষ। তা সত্ত্বেও দ্বিতীয় দিন শেষে কলম্বো টেস্টে সিরিজ হারের লজ্জা এড়ানোর মিশনে নামা নিউজিল্যান্ডই চালকের আসনে। প্রথম দিন উইকেটশূন্য হেরাথ কাল তুলে নিয়েছেন ৬ উইকেট। এ নিয়ে সিরিজের তিন ইনিংসেই তাঁর উইকেট হলো ১৭টি! তাতে ২ উইকেটে ২২৩ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থামে ৪১২ রানে। জবাবে ৪৩ রান করতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। ফলোঅন এড়াতে আরও ১৭০ রান দরকার শ্রীলঙ্কার।পরশু ব্যাটিংয়ে নেমে ১৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। পরে উইলিয়ামসন ও অধিনায়ক টেলরের অবিচ্ছিন্ন জুটিতে দিন পাড়ি দেয় ২ উইকেটে ২২৩ রান করে। কাল সকালে এই দুই সেঞ্চুরিয়ানকে ফিরিয়েই ক্যারিয়ারে ১৩তম এবং এ বছরে ষষ্ঠবারের মতো ৫ বা তার বেশি উইকেট নেওয়ার পথে এগোন হেরাথ। তবে তার আগে উইলিয়ামস-টেলর তৃতীয় উইকেটে গড়েন ২৬২ রানের জুটি। আগের দিনই সেঞ্চুরি করা টেলর করেন ১৪২। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা উইলিয়ামসনের ক্যারিয়ার-সেরা ইনিংসও (১৩৫)।শ্রীলঙ্কা ১২ রানেই হারিয়েছিল ৩ উইকেট। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলে দিলশান ও সাঙ্গাকারাকে ফেরান সাউদি। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে বোল্ট। পরে পারানাভিতানা-ম্যাথুস সামাল দিয়েছেন ধস। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড ১ম ইনিংস: ১৫৩ ওভারে ৪১২ (উইলিয়ামসন ১৩৫, টেলর ১৪২, ফ্লিন ৫৩; হেরাথ ৬/১০৩)। শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৭ ওভারে ৪৩/৩ (পারানাভিতানা ৯*, দিলশান ৫, সাঙ্গাকারা ০, মাহেলা ৪, ম্যাথুস ২০*, সাউদি ২/১৬, বোল্ট ১/১৬)।