হেরে গান নিষিদ্ধ করল জার্মান ক্লাব!

চলতি মৌসুমে জার্মান দ্বিতীয় বিভাগের দল ডায়নামো ড্রেসডেনের পারফরম্যান্স যাচ্ছেতাই। দলটির দ্বিতীয় থেকে তৃতীয় বিভাগে নেমে যাওয়ার জোর শঙ্কা। এ অবস্থায় ক্লাব কর্তৃপক্ষ নিজেদের স্টেডিয়ামে জনপ্রিয় জার্মান টিভি উপস্থাপক ও সংগীতশিল্পী হেলেন ফিসারের গান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে! স্বাভাবিকভাবেই এ সিদ্ধান্ত তাতিয়ে দিয়েছে সমর্থকদের!
ফিসারের গানে ড্রেসডেন কর্তৃপক্ষের গাত্রদাহের কারণ কী? সপ্তাহ দুয়েক আগে স্থানীয় প্রতিদ্বন্দ্বী এজগেবির্গে আউয়ের বিপক্ষে হেরে যাওয়ার পর ড্রেসডেনের তৃতীয় বিভাগে নেমে যাওয়া অনেকটা ত্বরান্বিত হয়। ম্যাচটি হয়েছিল আউয়ের মাঠেই। এমনিতে হেরে মাথা খারাপ হওয়ার জোগাড়, তার ওপর আবার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে ম্যাচ শেষে স্টেডিয়ামে উচ্চশব্দে ছাড়া হয় ফিসারের জনপ্রিয় গান ‘রুদ্ধশ্বাস রাতভর’। এতেই রেগেমেগে ড্রেসডেনের হর্তাকর্তারা হার্টথ্রব ফিসারের গান নিষিদ্ধ করে নিজেদের স্টেডিয়ামে!
বিষয়টি মোটেও ভালোভাবে নেননি সমর্থকেরা। দল ভালো না খেললে তার জন্য কি প্রিয় সংগীতশিল্পীর গান নিষিদ্ধ করতে হবে? দর্শকেরা এর প্রতিবাদ করেছেন। অবশ্য ফিসারের গান নিষিদ্ধ করেও লাভ হচ্ছে না। কেননা, আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ‘ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা ২০১৪’-এর ভোটের ফল ঘোষণা অনুষ্ঠানে থাকবেন ফিসার। সে অনুষ্ঠানে গান পরিবেশনার কথা রয়েছে তাঁর। আর ওই অনুষ্ঠান হবে ড্রেসডেনের মাঠেই!