হেরে গেল বার্সেলোনা
বার্সেলোনার সামনে সুযোগ ছিল অন্তত ২৪ ঘণ্টার জন্য হলেও পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার। জিতলে চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতিটাও হতো দারুণ। কিন্তু জয় দূরের কথা, কাল অবনমন এলাকার দল ভ্যালাদোলিদের মাঠে গিয়ে হেরে গেছে বার্সেলোনা। হারটা ১-০ গোলে। লিগে এটা বার্সেলোনার চতুর্থ হার, গত সাতে ম্যাচে তৃতীয়।
এতে শীর্ষে ওঠা তো হলোই না, উল্টো কাল রাতেই সেল্টা ভিগোর বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ জিতে থাকলে বার্সা নেমে গেছে তৃতীয় স্থানে। উল্টো দিকে লিগে পঞ্চম জয় ভ্যালাদোলিদকে অবনমন এলাকা থেকে তুলে এনেছে ১৭ নম্বরে।
১৭ মিনিটেই ভ্যালাদোলিদকে এগিয়ে দেন ফাউস্তো রসি। বাকি সময়ে চেষ্টা করেও বার্সা সমতা ফেরাতে পারেনি। প্রথমার্ধে মেসির চারটি প্রচেষ্টা রুখে দিয়েছেন ভ্যালাদোলিদের গোলরক্ষক দিয়েগো মারিনো। বার্সার সবচেয়ে সহজ সুযোগটি অবশ্য পেয়েছিলেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সুযোগটা কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধে বলার মতো সুযোগই সৃষ্টি করতে পারেনি বার্সা। বুধবার ন্যু ক্যাম্পে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে তাই হতাশাই সঙ্গী হবে বার্সার।
এদিকে ইংল্যান্ডে কাল জিতেছে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালের জয়টা এফএ কাপে, ইউনাইটেডের জয় লিগে। এভারটনকে ৪-১ গোলে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠে গেছে আর্সেনাল। লিগে ওয়েস্ট ব্রমকে ৩-০তে হারিয়ে ইউনাইটেড উঠে এসেছে ষষ্ঠ স্থানে। এএফপি।