হেরে গেল মরিনহোর চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠ ছাড়ার সময় রিকার্দো মন্তোলিভো অধিনায়কের বাহুবন্ধনী পরিয়ে দিলেন কাকাকে। পুরোনো ঠিকানায় ‘নতুন’ অভিষেকে অবশ্য গোল পাননি কাকা। এসি মিলানও পরশু জিততে পারেনি, তুরিনোর সঙ্গে ড্র করেছে ২-২ গোলে  এএফপি
মাঠ ছাড়ার সময় রিকার্দো মন্তোলিভো অধিনায়কের বাহুবন্ধনী পরিয়ে দিলেন কাকাকে। পুরোনো ঠিকানায় ‘নতুন’ অভিষেকে অবশ্য গোল পাননি কাকা। এসি মিলানও পরশু জিততে পারেনি, তুরিনোর সঙ্গে ড্র করেছে ২-২ গোলে এএফপি

ইংলিশ প্রিমিয়ার লিগে স্যামুয়েল ইতোর অভিষেক। দ্বিতীয় মেয়াদে চেলসির কোচ হয়ে আসার পর লিগে হোসে মরিনহোর প্রথম হার। অসুস্থ মেসুত ওজিলকে নিয়ে আর্সেন ওয়েঙ্গারের ‘জুয়া’ খেলা। অবসর নেওয়ার পর অ্যালেক্স ফার্গুসনের প্রথমবার ওল্ড ট্রাফোর্ডে এসে খেলা দেখা। চোট কাটিয়ে ফিরেই সাবেক গুরুর সামনে ফ্রি-কিক থেকে ওয়েইন রুনির অসাধারণ গোল। স্টোক সিটির সঙ্গে ড্র করে আরেকবার ম্যানচেস্টার সিটির পা হড়কানো—ইংলিশ প্রিমিয়ার লিগে পরশুর দিনটি ছিল চমকে ভরা।প্রথম দুই ম্যাচে জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে গিয়ে ড্র—লিগে মরিনহোর চেলসির শুরুটা হয়েছিল দারুণ। কিন্তু পরশু এভারটন জল ঢেলে দিল সেই সুখানুভূতিতে। চেলসির গোল মিসের মহড়ার সুযোগে গুডিসন পার্কে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে এভারটনকে জয় এনে দেন স্কটিশ ফরোয়ার্ড স্টিভেন নেইস্মিথ।স্ট্রাইকারদের গোল-খরা চেলসিকে ভালোই ভোগাচ্ছে। এই মৌসুমে পাঁচটি প্রতিযোগিতামূলক ম্যাচে মোট ৬ গোলের মধ্যে মূল স্ট্রাইকাররা করেছেন মাত্র একটি (উয়েফা সুপার কাপে তোরেস)। স্ট্রাইকারদের আরেকটি ব্যর্থতার প্রদর্শনীতে হেরে যাওয়ার পর হতাশ মরিনহো একটু সমালোচনাই করলেন তাদের, ‘এই ম্যাচে খুনে মানসিকতাটাই ছিল না।’তোরেসকে বেঞ্চে রেখে প্রথম একাদশে ইতোকে সুযোগ দিয়েছিলেন মরিনহো। কিন্তু রাশিয়ার আনঝি মাখাচকালা থেকে আসা ক্যামেরুনিয়ান স্ট্রাইকার ইংলিশ লিগে অভিষেকে নষ্ট করেছেন সহজ সব সুযোগ। একবার তো ছিল শুধু পা লাগানোর ব্যাপার। পরে কোলকে তুলে ৬৯ মিনিটে তোরেসকে নামালেও গোল সোনার হরিণ হয়েই থেকেছে চেলসির জন্য। ওল্ড ট্রাফোর্ডে ডেভিড ময়েস প্রথম জয়টা পেলেন গ্যালারিতে ফার্গুসনকে সাক্ষী রেখে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন রবিন ফন পার্সি। ৮১ মিনিটে ফ্রি-কিক থেকে দ্বিতীয় গোলটি রুনিকে ভাসিয়েছে আনন্দবন্যায়। গত মার্চের পর যে গোলের দেখা পেলেন এই প্রথম।

ইতোর মতোই প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে ওজিলের। যদিও আগের রাতেও সেটি নিশ্চিত ছিল না। ম্যাচ শেষে ওয়েঙ্গার জানান, ‘সে বৃহস্পতিবার রাতেও অসুস্থ ছিল। আমি আজ (পরশু) সকালে তাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছি।’ বাজিটা কাজেও লেগেছে। ওজিলের পাস থেকেই সান্ডারল্যান্ডের বিপক্ষে আর্সেনালকে প্রথম গোলটি এনে দেন অলিভিয়ের জিরু। ৩-১ গোলের জয়ে পরের দুটি গোলই অ্যারন রামসের। এএফপি।