গ্রুপের প্রথম ম্যাচটাই বুঝিয়ে দিল কেন এটা মৃত্যুকূপ, ‘গ্রুপ অব ডেথ’। এবারের ইউরোতে আন্ডারডগ হিসেবে খেলতে আসা ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরে গেল টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হল্যান্ড। ম্যাচের ২৪ মিনিটে মাইকেল ক্রন-দেলির একমাত্র গোল, আর সেটা ধরে রেখেই শেষ পর্যন্ত জিতে গেল ডেনমার্ক। তিন দিন আগে সতীর্থদের নিয়ে ২৯তম জন্মদিনের উৎসব করেছেন ক্রন-দেলি। কিন্তু ডেনিশ উইঙ্গার আসল উৎসবটা যেন তুলে রেখেছিলেন এ ম্যাচের জন্যই। শেষদিকে অবশ্য মরিয়া হয়ে চেষ্টা করেছে হল্যান্ড, কিন্তু কিছুতেই ভাঙতে পারেনি ডেনিশদের জমাটরক্ষণ। গত বিশ্বকাপের রানার্স-আপদের ফিনিশিংগুলো ছিল যথেষ্ট দুর্বল। রবিন ফন পার্সি, ইয়ান ক্লাস-হান্টেলার সুযোগ হাতছাড়া করেছেন গোটাকয়েক। আসলে কাল যেন হল্যান্ডের সবাই ব্যস্ত হয়ে পড়েছিল ব্যক্তিগত নৈপুণ্য দেখাতে, দল হয়ে খেলতে পারল না কমলা-জার্সিরা। ম্যাচ শেষে তাই হতাশ হয়ে বসে রইলেন আরিয়েন রোবেন। শেষ বাঁশি বাজার পর নিজেকে যেন অভিশাপ দিতে দিতেই মাঠ ছাড়লেন কোচ বার্ট ফন মারউইক। ইউরোর শুরুতেই হার—এমন বাজে অভিজ্ঞতা সর্বশেষ হয়েছিল হল্যান্ডের ১৯৮৮ সালে। দুই যুগ পর আবারও প্রথম ম্যাচেই হার, ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ আবার শক্তিশালী পর্তুগাল ও জার্মানি। টুর্নামেন্টে টিকে থাকাই যে প্রশ্নের মুখে পড়ে গেল মার্ক ফন বোমেলদের! এএফপি।