হেরে গেলেন ওজনিয়াকি
‘এক নম্বর হওয়া খুবই কঠিন। তার চেয়েও কঠিন তা ধরে রাখা। কারণ এক নম্বরকে হারাতে চায় সবাই।’ দুই দিন আগে বলা কথাটার সারবত্তা কি নির্মমভাবেই না বুঝলেন ক্যারোলিন ওজনিয়াকি! ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে কাল টোকিওর প্যান প্যাসিফিক ওপেনের তৃতীয় রাউন্ডেই বিদায় নিলেন এক অবাছাই খেলোয়াড়ের কাছে হেরে। বিশ্বের এক নম্বর খেলোয়াড় ৫-৭, ৬-১, ৪-৬ গেমে হেরেছেন এস্তোনিয়ার অবাছাই কাইয়া ক্যানেপির কাছে। এএফপি।ওজনিয়াকির উল্টো স্রোতে মারিয়া শারাপোভা আছেন প্রতিশোধের অপেক্ষায়। ক্যারিয়ারের ২৪টি ডব্লুটিএ শিরোপার ৪টিই টোকিওতে জেতা শারাপোভা প্যান প্যাসিফিকও জিতেছেন দুবার। তৃতীয় শিরোপার আশায় কাল তৃতীয় রাউন্ডে জার্মানির জুলিয়া জর্জেসকে ৭-৬ (৪), ৭-৬ (৪) গেমে হারিয়ে পৌঁছে গেছেন কোয়ার্টার ফাইনালে। শেষ আটে তাঁর প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, গত উইম্বলডনের ফাইনালে যিনি শারাপোভাকে হারিয়ে জিতেছেন প্রথম গ্র্যান্ড স্লাম।