হেরে গেলেন নিয়াজরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট গণনা তখন শেষ পর্যায়ে। খেলোয়াড়দের পরিষদ একমাত্র ‘আশার আলো’ দেখছিল নিয়াজ মোরশেদকে নিয়ে। কিন্তু শেষক্ষণে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার বুঝে গেছেন, এই একপেশে নির্বাচন তাঁকেও খালি হাতে ফেরাচ্ছে। নিয়াজ বিষণ্ন মনে বেরিয়ে গেলেন ভোট গণনাস্থল জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষ থেকে। তিনিসহ পাঁচ গ্র্যান্ডমাস্টার সমর্থিত গোটা ‘দাবা বাঁচাও’ পরিষদেরই ললাটে জুটল পরাজয়।২৪টি পদেই বিপুল জয় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরামের। চার সহসভাপতির একজন হয়েও জিততে পারেননি নিয়াজ। হয়েছেন পঞ্চম! চতুর্থ হওয়া নামটি চমক-জাগানিয়াই বটে—মোকাদ্দেস হোসাইন। গত প্রায় তিন বছরে অ্যাডহক কমিটির এই সাধারণ সম্পাদককে হটাতেই কত আন্দোলনই না হয়েছে! খেলোয়াড়েরা শেষ পর্যন্ত এক হলেন। কিন্তু ফোরামের আশীর্বাদে মোকাদ্দেস পেরিয়ে গেলেন নির্বাচনী বৈতরণী। নিয়াজের ভোট ৫৭। মোকাদ্দেসের ৬৪! ফোরামে ইস্পাতকঠিন ঐক্যেই এটা সম্ভব হয়েছে। ফোরাম জিতেছে তাদের সিন্ডিকেট ভোটে। ফোরামের পতাকাতলে ‘কলাগাছ’ও পাস! প্রথম তিনটি সহসভাপতি পদে শাহাবুদ্দিন শামীম (৭৮), শহিদুল্লাহ (৭৫), জাহাঙ্গীর ইসলাম (৭০) জিতেছেন। খেলোয়াড়দের পরিষদের বাকি দুই সহসভাপতি প্রার্থীর ভোট ৪৫টি করে। সাধারণ সম্পাদক পদে বিপুল ব্যবধানে জয়ী দাবা অঙ্গনে নতুন মুখ গাজী সাইফুল তারেক (৭১)। খেলোয়াড়দের পরিষদের খন্দকার কায়েস হাসান পেয়েছেন ৪৬টি ভোট। যুগ্ম সম্পাদক পদে ফোরামের মোরসালিন আহমেদ (৭৩) ও শামীম খান (৬৫), কোষাধ্যক্ষ পদে আহমেদ হোসেন (৭৩) জিতেছেন। ১৬টি সদস্য পদেও খেলোয়াড়দের পরিষদের প্রার্থীরা অনেক পেছনে। নির্বাচনে ভোট পড়েছে শতভাগই! ফোরাম অনেক ভোটারকে টাকাপয়সা দিয়েছে বলে অভিযোগ আছে। যদিও ১১৭টি ভোটের মধ্যে জেলা ও বিভাগের ভোটই ৭০টি। ফোরামের জয়টা স্বাভাবিকই ছিল। নির্বাচিত সহসভাপতি চট্টগ্রামের শাহাবুদ্দিন শামীম বললেন, ‘খেলোয়াড়েরা সংগঠকদের নিয়ে খারাপ মন্তব্য করেছে। বলেছে আমরা নাকি বহিরাহত। ফোরাম এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তার জন্যই এই বিপুল জয়।’ফোরামের বিজয় তাৎক্ষণিকভাবে যে প্রশ্নটা তুলল, দাবার জন্য এটা ভালো, না খারাপ হলো? সব দাবাড়ু খেলবেন তো? হূদয়ে রক্তক্ষরণ হতে থাকলেও নিয়াজ নিজেকে সামলে নিয়েই উত্তর দিলেন, ‘এই ফল একটু বেশিই অপ্রত্যাশিত। ফোরামের প্রতি জেলার আনুগত্যই প্রকাশ পেয়েছে। তবে আমি নতুন কমিটিকে সহায়তা করব।’ নির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল তারেক কাজ দিয়ে নিজেকে চেনাতে চান, ‘তাদের (খেলোয়াড়দের) উচিত দাবার স্বার্থে আমাদের সহায়তা করা। আমরা সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করব। পাঁচ জিএমকে নিয়ে আমরা টুর্নামেন্ট করব।’কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচনী এই মেরুকরণ দেশের ক্ষয়িষ্ণু দাবাকে কোন দিকে নেবে?