হেরে গেলেন ফেদেরার
৩৪তম গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল হাতছানি দিচ্ছিল তাঁকে। কিন্তু এবার শেষ আটেই থেমে যেতে হলো রজার ফেদেরারকে। ষষ্ঠ বাছাই ফ্রান্সের জাঁ উইলফ্রেড সোঙ্গার কাছে হেরেছেন ৭-৬, ৬-৩, ৬-৩ গেমে। সেমিফাইনালে ঘরের ছেলে সোঙ্গার মুখোমুখি চতুর্থ বাছাই ডেভিড ফেরের। স্বদেশি টমি রব্রেডোকে ৬-২, ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে ফেরের পা রেখেছেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে।
অবশেষে রোঁলা গাঁরোতে কোয়ার্টার ফাইনাল-জুজু কাটালেন সেরেনা উইলিয়ামস। রাশিয়ান সভেৎলানা কুজনেতসোভাকে হারিয়ে ২০০২ সালের শিরোপাজয়ী সেরেনা ঠিক ১০ বছর পর পা রাখলেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। রয়টার্স।
কাল প্রথম সেট জিতলেও দ্বিতীয় সেট হেরে বসেন সেরেনা। ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটেও ২-০তে পিছিয়ে পড়েছিলেন সেরেনা। কিন্তু ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছেন ৬-১, ৩-৬, ৬-৩ গেমে।
আগামীকাল সেমিফাইনালে সেরেনার প্রতিপক্ষ গত বছরের রানারআপ সারা ইরানি। অন্য কোয়ার্টার ফাইনালে এরানি ৬-৪, ৭-৬ (৮-৬) গেমে হারিয়েছেন চতুর্থ বাছাই পোল্যান্ডের আগনিয়াস্কা রাদভানস্কাকে।
ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড অষ্টম শিরোপার দিকে পরশু এক ধাপ এগিয়েছেন রাফায়েল নাদাল। জাপানের কেই নিশিকোরিকে ৬-৪, ৬-১, ৬-৩ গেমে হারিয়ে উঠেছেন কোয়ার্টার ফাইনালে। শেষ আটে উঠেছেন নোভাক জোকোভিচ, মারিয়া শারাপোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা, মারিয়া কিরিলেঙ্কোরাও।