হেরে পক্ষপাতিত্বের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারের পর কোচ-খেলোয়াড় সবার একই অভিযোগ—আম্পায়ারের পক্ষপাতমূলক আচরণই তাঁদের পরাজয়ের কারণ। নইলে তাঁরা ম্যাচটা জিততেও পারতেন। ইনচনের গ্লোবাল ইউনিভার্সিটির জিমনেসিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কাল পাকিস্তানের পুরুষ দলের কাছে বাংলাদেশ পুরুষ দল হেরেছে ২৪-১১ পয়েন্টে।
ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে কোচ আবদুল জলিল একের পর এক অভিযোগ তুলতে লাগলেন। তাঁর সঙ্গে যোগ দিলেন খেলোয়াড়েরাও। এর আগে খেলা চলাকালেও বেশ কয়েকবার ক্ষুব্ধ ভঙ্গিতে রেফারির বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে দেখা গেছে বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তাদের। বাংলাদেশ দলের তো এমনও অভিযোগ, এশিয়ান গেমসের রেফারিজ কমিটির প্রধান পাকিস্তানি। তিনিই নাকি আম্পায়ারদের পাকিস্তানের পক্ষে সিদ্ধান্ত দেওয়ার জন্য প্রভাবিত করেছেন!
অভিযোগটা ঠিক হোক বা ভুল, বাংলাদেশ দলের পারফরম্যান্স কখনোই বোঝাতে পারেনি যে তারা জয়ের জন্য খেলছে। পাকিস্তানিদের সঙ্গে শারীরিক শক্তিতে পিছিয়ে আছেই, বাংলাদেশি খেলোয়াড়দের টেকনিকেও অনেক ঘাটতি দেখা গেল। তার ওপর ভারতের প্রো-লিগে পাওয়া চোটটাও নাকি এখনো পুরোপুরি সারেনি অধিনায়ক জিয়াউর রহমানের। অবশ্য বাংলাদেশের কোচ-খেলোয়াড়ের অভিযোগ মানতে রাজি হননি স্বয়ং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ‘রেফারিরা হয়তো দু-একটি ভুল করেছেন। কিন্তু আপনাকে তো মাঠে ভালো খেলতেও হবে। কাজেই এসব অজুহাত দিয়ে লাভ নেই। হারের ব্যবধানটা আরও কম হলে আপনি রেফারির দোষ দিতে পারতেন। কিন্তু আমরা তো হেরেছি বড় ব্যবধানে।’
বাংলাদেশের ১১ পয়েন্টের মধ্যে বোনাস পয়েন্ট মাত্র ৩, আউট পয়েন্ট ৮। লোনা পায়নি একটিও। অন্যদিকে পাকিস্তান লোনা পেয়েছে মোট ৪টি। সঙ্গে আউট পয়েন্ট ১৯ আর ১ বোনাস পয়েন্ট নিয়ে পাকিস্তানের মোট পয়েন্ট ২৪।