হেরে সমতায় সালমারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমা খাতুনের ওভারটা হতে পারত ম্যাচের টার্নিং পয়েন্ট। ৫ ওভারে ২৫ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার, উইকেটে জমে যাওয়া এক জুটি। ৪৬তম ওভারটি সালমা নিলেন মেডেন। আস্কিং রান রেট আচমকাই ছয়ের ওপরে। টার্নিং পয়েন্ট বলা যায় ডানে ফন নিকার্ক ও শবনিম ইসমাইলের ছয় দুটোকেও। রান-বলের টানাপোড়েনে দারুণ স্বস্তি হয়ে এসেছিল দুজনের দুটি ছক্কা।তবে শেষ পর্যন্ত টার্নিং পয়েন্ট অন্তিম সময়ের দুটি ক্যাচ মিস। শবনিমের ক্যাচ পড়ল লং অনে, ফন নিকার্কের লং অফে। অন্তত একটি ক্যাচ হাতে জমলেও অন্য রকম হতে পারত ম্যাচের ফল। উঁচু ক্যাচে বরাবরের দুর্বলতা আবারও কাল হলো বাংলাদেশ মহিলা দলের জন্য। ফসকে গেল হাতের মুঠোয় থাকা ম্যাচ। সিরিজ জয়ের ইতিহাস গড়ার হাতছানি পেয়েও আপাতত থমকে যেতে হলো নিজেদের ব্যর্থতায়। ৪ উইকেটে জিতে ৩ ম্যাচ সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। পরশু প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা জিতেছিল ২ উইকেটে। শেষ ওয়ানডে কাল।তবে দক্ষিণ আফ্রিকাকে প্রাপ্য কৃতিত্বটা দিতেই হবে। শুধু বাংলাদেশ দলই তো নয়, তাদের প্রতিপক্ষ ছিল বিরুদ্ধ কন্ডিশন, স্পিনের মিছিল আর আগের দিনের ‘অপ্রত্যাশিত’ পরাজয়ের ধাক্কা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এত কিছু সামলে ওঠা জয়টাকে দারুণ কিছুই বলতে হবে। স্পিন খেলায় নাটকীয় উন্নতিই চোখে পড়ল সবচেয়ে বেশি। আগের দিন ৭৫ রানে গুটিয়ে যাওয়া দল কাল তাড়া করে ফেলল ১৮০!আগের দিন ৭৫ তাড়া করতে বহু কষ্টে জেতা বাংলাদেশের ১৭৯ করাটাও ছিল এক বিস্ময়। উইকেট অবশ্য আগের দিনের চেয়ে অনেক ভালো ছিল। বড় রান করার পর জয়ের আরেকটি প্রথম শর্তও পূরণ করে ফেলেছিল বাংলাদেশ—শুরুতে দ্রুত উইকেট নেওয়া। স্পিনে বেশি মন দিতে গিয়েই কিনা কাল দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ধসিয়ে দিলেন মিডিয়াম পেসার জাহানারা আলম। ৬ ওভারের প্রথম স্পেলেই তুলে নিলেন ৩ উইকেট, সঙ্গে সালমার ১ উইকেট মিলিয়ে ৩৩ রানে নেই ৪ উইকেট। বাংলাদেশের ম্যাচ ও সিরিজ জয়টাকে মনে হচ্ছিল তখন সময়ের ব্যাপার। কিন্তু দারুণ দুটি জুটিতে জয় ছিনিয়ে নিল প্রোটিয়া মেয়েরা। পঞ্চম উইকেটে অ্যালিসন হজকিনসন ও মারিজান কাপের জুটি ৬৬ রানের। সপ্তম উইকেটে ফন নিকার্ক ও শবনিমের অবিচ্ছিন্ন ৫০ রান। ম্যাচজয়ী এই জুটির কৃতিত্বটাকে আরও বেশি বলা যায় আরেকটি কারণে, দুজনেরই মূল কাজ বোলিং!এর আগে বল হাতেও নিজেদের কাজটা ভালোই করেছিলেন এই দুজন। নিয়ন্ত্রিত লেগ স্পিনে ২ উইকেট পেয়েছেন আগের ম্যাচ না খেলা ফন নিকার্ক, মিডিয়াম পেসে শবনিম একটি। তবে বাংলাদেশকে বড় স্কোর এনে দেয় দারুণ দুটো ইনিংস। আগের ম্যাচে ৩১ করে ম্যাচসেরা লতা মণ্ডল কাল আরেক ধাপ এগিয়ে করলেন প্রথম ফিফটি। প্রথম ফিফটি পেলেন ফারজানা হকও। ৪৩ রানে ৩ উইকেট হারানোর পর দুজনের জুটি ছিল ৯০ রানের। অধিনায়ক সালমা আবারও ব্যর্থ, ভালো করতে পারেননি রুমানা-তাজিয়ারাও। তার পরও দল পেয়েছিল বড় স্কোর। কিন্তু শেষ পর্যন্ত যথেষ্ট হলো না সেটাও!