হেরে স্বপ্নভঙ্গ ফাহাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাহাদ রহমানের এবার লক্ষ্য ছিল সোনা জয়। আর সে জন্যই কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে উন্মুক্ত বিভাগের বদলে অনূর্ধ্ব-১৪ বিভাগে খেলছে সে। কিন্তু ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় সোনার পদক দূরের কথা, বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টারের জন্য ব্রোঞ্জ জয়ও অসম্ভব হয়ে উঠেছে। পরশু সপ্তম রাউন্ডে ড্রয়ের পর কাল অষ্টম রাউন্ডে হেরে গেছে ফাহাদ। আর এই হারেই হয়েছে সর্বনাশ। সোনা জয়ের সম্ভাবনা একেবারেই শেষ হয়ে গেছে। খেলা বাকি আছে আর এক রাউন্ড। কাল ফাহাদ হেরেছে ভারতের আনিস মোহাম্মদের কাছে। আট খেলায় তিন জয়, দুই ড্রয়ে ফাহাদের পয়েন্ট মাত্র ৪। ষষ্ঠ স্থানে রয়েছে সে। 

উন্মুক্ত বিভাগে গ্র্যান্ডমাস্টারদের মধ্যে জিতেছেন শুধু এনামুল হোসেন রাজীব। ড্র করেছেন বাকি তিন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব, জিয়াউর রহমান ও নিয়াজ মোরশেদ। ভারতের আন্তর্জাতিক মহিলা মাস্টার এস ধারিয়া পার্নালিকে হারিয়েছেন রাজীব। আট রাউন্ড শেষে ৫ পয়েন্ট নিয়ে ৩৫তম স্থানে আছেন এই গ্র্যান্ডমাস্টার। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক মাস্টার রিশি সারডানার সঙ্গে রাকিব, ভারতের শেখ নুবাইরশাহ মোহাম্মদের সঙ্গে জিয়া ও রাজেশ নায়েকের সঙ্গে নিয়াজ ড্র করেছেন। ৫.৫ করে পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে রাকিব দশম, জিয়া ১৬তম স্থানে আছেন। ২৬তম স্থানে থাকা নিয়াজের পয়েন্ট ৫। শ্রীলঙ্কার ক্যান্ডিডেট মাস্টার জিএমএইচ তিলকারত্নেকে হারানোর পর ৫ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ৩৬তম স্থানে আছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা।