হেরে হিসাব কঠিন করল রাজস্থান

শেষ দিকে চলে এসেছে আইপিএল। প্লে-অফের হিসাব-নিকাশ পরিষ্কার হয়ে উঠছে ক্রমেই। শীর্ষ তিনটি জায়গা নিশ্চিত হওয়ায় পরের পর্বে চলে গেছে পাঞ্জাব, চেন্নাই, কলকাতা। এখন চতুর্থ জায়গাটি নিয়ে কাড়াকাড়ি। এ লড়াই চলছে রাজস্থান ও মুম্বাইয়ের মধ্যে। আজ পাঞ্জাবের কাছে ১৬ রানে হেরে নিজেদের পায়েই কুড়াল চালাল রাজস্থান! ২৫ মে মুম্বাই-রাজস্থান ম্যাচে মিমাংসা হবে—কারা হবে চতুর্থ দল।
পাঞ্জাবের দেওয়া ১৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে রাজস্থান ধুঁকতে থাকল শুরু থেকেই। একদিকে নিয়মিত বিরতিতে উইকেট পতন অন্যদিকে তুলনামূলক স্লথগতিতে রান তোলা—যেন শুরুতে পথ হারিয়ে ফেলা পথিক! শেন ওয়াটসনের দলের ইনিংস থামল ১৬৩ রানে। হারল ১৬ রানে। রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ১৩ বলে ৩৫ এল জেমস ফকনারের ব্যাট থেকে। মূলত ফকনারা যা একটু আশা দেখালেন। তবে বড্ড দেরিতে!
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৯ তুলল পাঞ্জাব। সর্বোচ্চ ৪০ এল শন মার্শের ব্যাট থেকে। আজ অবশ্য মিলার ‘কিলার’ হয়ে উঠতে পারেননি। তারপরও ২০ বলে করেছেন অপরাজিত ২৯।