হেরেই গেলেন বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেরে গেলেন কিংবদন্তি! হেরে গেলেন এই গ্রহের দ্রুততম মানব উসাইন বোল্ট। তা-ও কিনা মৌসুমে প্রথমবারের মতো ইউরোপিয়ান ট্র্যাকে ১০০ মিটার দৌড়ে নেমেই! পরশু রোম ডায়মন্ড লিগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন উসাইন বোল্টকে হারের স্বাদ দিয়েছেন জাস্টিন গ্যাটলিন। যুক্তরাষ্ট্রের এই সিপ্রন্টার (১০.৯৪ সেকেন্ড) দৌড় শেষ করেছেন বোল্টের (১০.৯৫) চেয়ে দশমিক শূন্য ১ সেকেন্ড কম সময়ে।এই স্বপ্নটা নিয়েই রোমে এসেছিলেন গ্যাটলিন। পেছনে যুক্তরাষ্ট্রের ইউজিন আর কাতারের দোহায় দুটি ডায়মন্ড লিগ জেতার সুখস্মৃতি। বোল্টকে চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতিটা মন্দ ছিল না তাঁর। অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পর একবারই ট্র্যাকে নেমেছেন বোল্ট। কিন্তু কেম্যান আমন্ত্রণমূলক মিটের ১০০ মিটারে ১০.০৯ টাইমিং গড়ে জানান দিয়েছিলেন সে চ্যালেঞ্জ নিতে তিনিও তৈরি। পরশু দৌড়ের শুরুটা অবশ্য দুর্দান্ত হয়েছিল বোল্টের। কিন্তু কিছুদূর যাওয়ার পরই কেন যেন ছন্দ হারিয়ে ফেলেন তিনি। শেষটা তাই যেমন হওয়ার কথা ছিল তেমন হলো না। ‘সাধারণত শেষ ৫০ মিটার হয় আমার দৌড়ের সেরা অংশ। কিন্তু আজ কেন জানি তা হলো না’—হেরে গিয়ে জানালেন জ্যামাইকান সিপ্রন্টার। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণেই এই হার কিনা সেটা অবশ্য নিশ্চিত করে বলতে পারলেন না তিনি। তবে দৌড়টা শেষ করার পর নাকি একটু ব্যথা অনুভব করছিলেন! ছয়বার অলিম্পিক সোনাজয়ী বোল্ট ১০০ মিটার দৌড়টাকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। কারও কারও মতে, তিনি সর্বকালের সেরা দ্রুততম মানব। গত বছর জ্যামাইকান চ্যাম্পিয়নশিপে ইয়োহান ব্লেকের কাছে হারের পর পরশু গ্যাটলিনের কাছে তাঁকে আরও একবার হারতে দেখা তাই একটা বড় ধাক্কা অ্যাথলেটিকস বিশ্বের। কথাটা জানেন বোল্ট নিজেও। এ হার থেকে শিক্ষা নিয়েই আগস্টে মস্কোতে হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য জোর প্রস্তুতি নেবেন বলে আশ্বস্ত করলেন তিনি, ‘আমি চিন্তিত নই। তবে ভুলটা কী করেছি সেটা খুঁজে বের করতে চাই। আমি বাসায় যাব এবং পুরো ভিডিওটা আবার দেখে বের করব কী ভুল করেছি, যাতে পরেরবার আরও ভালো করতে পারি।’ডোপ কেলেঙ্কারির নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসার পর সময়টা মন্দ যাচ্ছে না গ্যাটলিনের। বোল্টের মতো কিংবদন্তিকে হারাতে পেরে যেন হাওয়ায় উড়ছেন তিনি। তবে একই কাজ আরও একবার করাটা যে কতটা কঠিন হবে, সেটাও আঁচ করতে পারছেন। মস্কোর বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিয়ে তাই আগে থেকেই সতর্ক তিনি। এবং সে সতর্কতার সঙ্গে আছে প্রতিপক্ষের প্রতি নিখাদ শ্রদ্ধাও, ‘সে (বোল্ট) এই খেলাটাকে এত কিছু দিয়েছে যা আগে কখনো ছিল না। বোল্ট কিংবদন্তি। সে অসাধারণ সব কীর্তি গড়েছে। তবে আমি শেষ পর্যন্ত তার সঙ্গে লড়তে চাই।’ এএফপি, রয়টার্স।রোম ডায়মন্ড লিগ ১০০ মি.জাস্টিন গ্যাটলিন (যুক্তরাষ্ট্র) ৯.৯৪ সেকেন্ডউসাইন বোল্ট (জ্যামাইকা) ৯.৯৫ সেকেন্ডজিমি ভিকাউট (ফ্রান্স) ১০.০২ সেকেন্ড