হেরেই চলেছে সিলেট
বিপিএল শুরুর আগে প্রচার-প্রচারণায় সবচেয়ে বেশি এগিয়ে ছিল সিলেট রয়্যালস। আজ এই কোম্পানির সঙ্গে চুক্তি তো কাল ওই সংবাদ সম্মেলন। মাঠের পারফরম্যান্সে এখন পর্যন্ত দলটা ঠিক ততটাই পিছিয়ে। চার ম্যাচ খেলেও জয় মেলেনি একটিও! সর্বশেষ কাল চিটাগং কিংসের কাছে তাদের ৭ উইকেটের হার ম্লান করে দিয়েছে ডাগ-আউটে দলের জার্সি গায়ে বসা বলিউড তারকা রিয়া সেনের মুখটাও। বিপিএল কখনো রান-উৎসব, কখনো বা ক্যাচ মিসের মহড়া। নিজেদের প্রথম ম্যাচে দুরন্ত রাজশাহীর ফিল্ডারদের হাত ফসকে পড়েছে ছয়-ছয়টি ক্যাচ। এরপর তাতে যোগ দিয়েছে সিলেট, কাল জেতা ম্যাচে চিটাগং কিংসের ফিল্ডাররাও কম দেখালেন না। সিলেট রয়্যালসের ৪ উইকেটে ১৫২ রানের ইনিংসে চট্টগ্রামের ফিল্ডারদের হাত গলেছে আটবার। এর মধ্যে ৪৮ বলে ৫১ করা অধিনায়ক পিটার ট্রেগোর ক্যাচই দুবার। ব্যক্তিগত ২০ রানে এনামুল জুনিয়রের বলে ডিপ স্কয়ার লেগে তাঁর ক্যাচ তালুবন্দী করতে পারেননি আরাফাত সানি। আর ১ রান যোগ করে কুপারের বলে শর্ট ফাইন লেগে প্রাণ পেয়েছেন মুরালিধরনের হাতেও। এ ছাড়া ব্যক্তিগত ৫৩ রানে মুরালিধরনের বলে কামরান আকমল প্রাণ ফিরে পেয়েছেন ডিপ পয়েন্টের ফিল্ডার জেসন রয়ের হাত থেকে। পাকিস্তানি ওপেনারকে অবশ্য আর ১ রান করেই বোল্ড করেছেন কুপার।ওপেনার ইমরুল কায়েস দলের ২ রানে ফিরে গেলে ট্রেগোর সঙ্গে কামরানের ৮৩ রানের দ্বিতীয় উইকেট জুটিই টেনে নিয়েছে সিলেটকে। চতুর্থ উইকেটে ট্রেগো-অলক যোগ করেছেন আরও ৫৭। ২৩ বলে অপরাজিত ৩৪ করা অলকও জীবন পেয়েছেন ব্যক্তিগত ৩০ রানে। ফরহাদ রেজার বলে এবার ব্যর্থ ফিল্ডারটির নাম কুপার।৪৫ রানে ৩ উইকেট হারানোর পর ১৫২ রানও বেশি মনে হয়ে থাকতে পারে চিটাগং কিংসের কাছে। তবে জিয়াউর রহমান-মাহমুদউল্লাহ চতুর্থ উইকেট জুটিতে এগিয়েই গেছে চার ম্যাচে তৃতীয় জয় পাওয়া দলটা। ১১ ওভার ২ বলে ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন জিয়া ও মাহমুদউল্লাহ। ব্যাট হাতে প্রিমিয়ার লিগ থেকেই দারুণ ফর্মে থাকা জিয়ার চার ছক্কা আর দুই বাউন্ডারিতে সাজানো ৩২ বলে ৪৮ গ্যালারির হাজার দুয়েক দর্শকের জন্য ছিল দারুণ বিনোদন। দুই ছক্কা, চার বাউন্ডারিতে ৩৮ বলে ৫৬—ফর্মের তুঙ্গে রয়েছেন চিটাগং কিংস অধিনায়ক মাহমুদউল্লাহও।বিদেশিদের দাপটের মধ্যে মাহমুদউল্লাহ-জিয়ার এই ব্যাটিং বিপিএলে বাংলাদেশি ব্যাটসম্যানদের একটা বিজ্ঞাপন। ম্যাচ শেষে মাহমুদউল্লাহও এটাকে রাখলেন প্রাপ্তির খাতায়, ‘আজকের (গতকাল) জয়ে মূল ভূমিকা রেখেছে বাংলাদেশের দুই ব্যাটসম্যান, সেজন্যই বেশি খুশি লাগছে।’ বললেন হতাশার কারণটাও এবং সেটা একের পর এক ক্যাচ পড়া। ম্যাচ শেষে সিলেট রয়্যালসের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা দলের ফিল্ডিং কোচ জেসন সুইফটকেও দিতে হয়েছে এ সংক্রান্ত প্রশ্নের উত্তর, ‘এ রকম ক্যাচ পড়া দেখে আমি একটু হতাশ। এটা ঠিক যে সব ক্যাচ নেওয়া যায় না, তবে যে ধরনের ক্যাচ পড়ছে তার অনেকগুলোই নেওয়া উচিত। এ নিয়ে আরও কাজ করতে হবে।’শেষ কথাটা বোধ হয় বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ হিসেবেই বললেন সুইফট।সংক্ষিপ্ত স্কোরসিলেট রয়্যালস: ২০ ওভারে ১৫২/৪ (আকমল ৫৪, ট্রেগো ৫১, অলক ৩৪*; ফরহাদ ২/২৮, ব্রাভো ১/২২, কুপার ১/২৮)। চিটাগং কিংস: ১৭.৩ ওভারে ১৫৪/৩ (রয় ৩০, নাসির ১১, মাহমুদউল্লাহ ৫৬, জিয়া ৪৮; সোহেল ১/১৬, ট্রেগো ১/৩০, হজ ১/৩১)। ফল: চিটাগং কিংস ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদউল্লাহ।