করতালি দিল গ্যালারি। প্রেসবক্সও অভিনন্দন জানাল। সার বেঁধে বাংলাদেশ দলের মেয়েরা মাঠ ছাড়ার সময় বঙ্গবন্ধু স্টেডিয়াম বেশ খুশিই। খেলোয়াড়েরা আগের ম্যাচের মতো ভেঙে পড়েননি হতাশায়। একদিনেই যেন বদলে গেল অনেক কিছু।৯-০ থেকে ২-০। কোণঠাসা অবস্থা থেকে মাথা তুলে দাঁড়ানো। বড় পরাজয়ের গ্লানি ঢেকে আগামীর প্রেরণা অর্জন। ভালোই তো। থাইল্যান্ড ম্যাচের দুঃস্বপ্ন ভুলে ইরানের বিপক্ষে কাল যেন অন্য বাংলাদেশ!বাড়তি অভিনন্দন পাবেন বাংলাদেশের গোলরক্ষক সাবিনা আক্তার। থাইল্যান্ডের বিপক্ষে ৯ গোল খেয়ে মাঠে কেঁদে ফেলেছিলেন। কাল সেই সাবিনা আস্থার প্রতীক। পোস্টের নিচে অন্তত হাফ ডজন গোল বাঁচিয়েছেন। ম্যাচের সেরা যশোরের মেয়ে!এই কথাগুলো অবশ্য ভুল বোঝাতে পারে। বাংলাদেশের গোলরক্ষক দারুণ খেলার অর্থ বাংলাদেশ পুরোপুরিই কোণঠাসা ছিল না। আগের ম্যাচে সারাক্ষণ রক্ষণকাজে ব্যস্ত থাকতে হয়েছিল। সেদিন কিছুই করতে পারেনি স্বাগতিক দল। এদিন বাংলাদেশ দল আক্রমণে উঠেছে। বার কয়েক ফাঁকা জমিনও তৈরি করেছে। গোলও পেতে পারত গোটা দুয়েক। দুর্ভাগ্য, গোল আসেনি।বৃষ্টিভেজা বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ ছিল বেশ ভারী। খেলোয়াড়দের বাড়তি ঘাম ঝরেছে। এরই মধ্যে স্ট্রাইকার সাবিনা খাতুন ইরানকে ভয় দেখিয়েছেন দু-তিনবার। মাঝমাঠে সুইনু, নুবাই, মাইনুরা খেলাটা ধরেছেন মাঝেমধ্যে। দিন শেষে হয়তো সেই হেরে যাওয়া দলেই এই খেলোয়াড়েরা। তবে তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে ভালো খেলেই দর্শকদের প্রশংসা পেয়েছেন। অধিনায়ক সুইনু প্রু মারমা বেশ খুশি, ‘আমরা ভালো ফুটবল খেলতে চেয়েছি। সেটাই আজ পেরেছি।’ কোচ গোলাম জিলানী তো রীতিমতো উচ্ছ্বসিত, ‘আমরা দর্শকদের দেখাতে চেয়েছি, এ দেশের মেয়েরা ফুটবল খেলতে পারে। আজ তা দেখাতে পেরে ভীষণ ভালো লাগছে।’২৭ ও ৫২ মিনিটে গোল দুটি খেয়েছে বাংলাদেশ। মরিয়ম রহিমীকে আটকানো যায়নি। দুটি গোলই করে মরিয়ম ইরানকে এই এশিয়ান কাপের বাছাইপর্বে প্রথম জয় এনে দিয়েছেন। অবশ্য ব্যবধান ৩-০ হতে পারত। পেনাল্টি বাইরে মেরে তা কাজে লাগাতে পারেনি স্ট্রাইকার জারা।তবে ফিলিপাইনের বিপক্ষে ৬-০ হারের পর ঘুরে দাঁড়াতে পারা ইরানের জন্যও অনুপ্রেরণা। বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে (৫২) ৫৬ ধাপ এগিয়ে থাকা ইরান কাল জিতেছে প্রত্যাশামতোই। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে যেতে থাইল্যান্ডের বিপক্ষে ১০ বা তারও বেশি ব্যবধানে জিততে হবে ইরানকে। যেটা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভবও।গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অবশ্য অনেকটাই এগিয়ে গেছে থাইল্যান্ড। বাংলাদেশকে ৯-০ গোলে উড়িয়ে কাল তারা ফিলিপাইনকে হারাল ১-০ গোলে। ৩৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন নিশা রমইয়েন। শেষ ম্যাচে ইরানের সঙ্গে ড্র করলেই চলবে থাইল্যান্ডের। মানে থাইল্যান্ডের বাদ পড়াটাই এখন কঠিন!