হেরেও অভিজ্ঞতা সঞ্চয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টনে দর্শকসারিতে এনামুল-এলিনারা। একক ও দ্বৈত ইভেন্টে আগেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। টিম টিম করে জ্বলছিল শুধু মিশ্র দ্বৈতের সম্ভাবনা, সেটিও কাল শেষ হয়ে গেছে সিঙ্গাপুরের কাছে হেরে। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কোয়ার্টার ফাইনালে আহসান হাবিব পরশ ও শাপলা আক্তার জুটি ২১-১৬, ২১-১২ পয়েন্টে হেরে গেছেন সিঙ্গাপুরের ইয়ং কাই ও উই হান জুটির কাছে।
বাংলাদেশ এই টুর্নামেন্টে ভালো করতে না পারলেও এসএ গেমসের জন্য শাটলারদের অভিজ্ঞতা এতে সমৃদ্ধই হয়েছে। মেয়েদের এককের জাতীয় চ্যাম্পিয়ন এলিনা সুলতানা এই অভিজ্ঞতা কাজে লাগাতে চান ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় এসএ গেমসে, ‘এই টুর্নামেন্টের জন্য আমাদের প্রস্তুতি মোটেও ভালো ছিল না। আমি এককে রাশিয়ান শাটলারের কাছে হেরেছি, কিন্তু খেলার পর মনে হচ্ছিল একটু ভালো প্রস্তুতি নিলে ওকে হারাতেও পারতাম। তবে এই অভিজ্ঞতা এসএ গেমসে কাজে লাগবে।’ আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ কম মেয়েদের। সেই আক্ষেপই ঝরল এলিনার কণ্ঠে, ‘গত তিন বছরে মেয়েদের দেশের বাইরে কোনো টুর্নামেন্টে পাঠায় না ফেডারেশন। এ জন্য আমরা কোর্টে নামার আগেই মানসিকভাবে হেরে বসে থাকি।’
গত মাসে কোচ অভীক সরকার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের। এই টুর্নামেন্টে খেলোয়াড়দের ভুলত্রুটি কাটাছেঁড়া করেছেন তিনি, যা কাজে লাগাতে চান এসএ গেমসে।