হেরেও আত্মবিশ্বাসী রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবার ৪৫ ম্যাচে ৩৯ গোল। তার এক মৌসুম আগে ৪৪ ম্যাচে ৩৫টি। এবার ৪৬ ম্যাচে ৪০। কয়েক মৌসুম ধরেই গোল যেন তাঁর পোষা বিড়াল। তার পরও মারিও গোমেজকে থাকতে হয় মেসি-রোনালদোদের ছায়ায়। স্তুতি-স্তব—সব এই দুজনের পেছনেই খরচ হয়ে যায়। বায়ার্ন মিউনিখের ২৬ বছর বয়সী স্ট্রাইকার যেন উপেক্ষিত চরিত্র। তবে প্রথম সুযোগেই রোনালদোর ওপর থেকে আলোটা টেনে নিলেন গোমেজ। পরশু সেমিফাইনালের প্রথম লেগে শেষ মুহূর্তে করা তাঁর গোলেই রিয়াল মাদ্রিদকে নিজেদের মাঠে হারাল বায়ার্ন। জয়টা ন্যূনতম ব্যবধানের, ২-১। ফিরতি লেগে রিয়ালের ভালোই সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। তবে শেষ কুড়ি মিনিট যেমন উজ্জীবিত ফুটবল খেলেছে বায়ার্ন, ২৫ এপ্রিলের ফিরতি লেগে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে রিয়ালের জন্য।ম্যাচের শেষ মুহূর্তের নাটকীয়তায় নায়কের মর্যাদা গোমেজই পাচ্ছেন। তবে পুরো ম্যাচ ধরলে ফ্রাঙ্ক রিবেরিই পাবেন বেশি নম্বর। প্রথম ১০ মিনিটে বায়ার্নকে আতঙ্কিত করে তোলা রিয়ালের সাঁড়াশি আক্রমণের ভেতর বায়ার্ন যে ঘুরে দাঁড়াল, তাতে রিবেরিই নেতৃত্ব দেন সামনে থেকে। আরিয়েন রোবেন আর বাস্তিয়ান শোয়েনস্টাইগারের নিষপ্রভ দিনেও রিয়ালের গোলমুখে বায়ার্নের ১৫টি আক্রমণের মূল কাণ্ডারি ছিলেন এই ফরাসিই। ১৭ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে পড়া বলে জোরাল শটে বায়ার্নকে প্রথম এগিয়েও দিয়েছিলেন তিনি। কিন্তু রিবেরি যদি ১০ নম্বরে ৮ পান, দশে সাত পাবেন এই ম্যাচ দিয়ে নিজের মাতৃভূমিতে ফেরা মেসুত ওজিল। রোনালদোর ম্রিয়মাণ দিনেও রিয়াল যে সমান ১৫টি আক্রমণ শাণাল বায়ার্নের দুর্গে, তা ওজিল-ঔজ্জ্বল্যেই। রিয়ালের জার্সি গায়ে শততম ম্যাচ খেলতে নামা এই জার্মান ৫৩ মিনিটে রিয়ালকে সমতায়ও ফেরান। কিন্তু ৯০ মিনিটের পর যোগ করা সময়ে করা গোলটিতেই সব আলো কেড়ে নিলেন গোমেজ। ম্যাচের আগে নিজেকে ‘রেফারির বন্ধু’ ঘোষণা করা হোসে মরিনহো অবশ্য রিবেরির গোলটি মানতে পারেননি। তাঁর দাবি, রিবেরি শট নেওয়ার সময় অফসাইডে ছিলেন লুইজ গুস্তাভো, ‘আমি রেফারির সমালোচনা করি না। তার সিদ্ধান্ত মেনে নিচ্ছি। ওরা এমন একটা গোল করেছে যেটা বাতিল হওয়াই উচিত ছিল। তবে তার পরও আমি সমালোচনা করব না। ড্র হলেই সেটা হতো এ ম্যাচের ন্যায্য ফল। তবে এটাই ফুটবল। যে বেশি গোল করবে, সে-ই জিতবে।’পরশু বায়ার্নের মাঠে জয়ের জন্য দুই দলকেই মরিয়া দেখা গেছে। দুই দলের মধ্যে বেশ কয়েকবার উত্তেজনাও ছড়িয়েছে। ২০১০ বিশ্বকাপের ফাইনালে ১৪টি হলুদ কার্ড দেখিয়ে আলোচিত ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব ধৈর্যের চরম পরীক্ষা দিলেও ৯টি হলুদ কার্ডও বের করতে বাধ্য হয়েছেন। ছয়টি হলুদ কার্ডই দেখেছেন রিয়ালের খেলোয়াড়েরা। রিয়ালের জন্য কাজ আরও কঠিন হয়ে গেল পরের সপ্তাহে এল ক্লাসিকোর পরীক্ষা দিতে হবে বলে। ২১ এপ্রিল বার্সেলোনার মাঠে গিয়ে খেলা। রিয়ালের সঙ্গে বার্সার পয়েন্টের ব্যবধান ৪। ফলে এই ম্যাচ তাদের জন্য লিগ শিরোপা জেতার চাবিকাঠি। এমনিতেই রোনালদোদের ক্লান্তই মনে হয়েছে গত ম্যাচে। অন্যদিকে বায়ার্নের লিগ জেতার আশা কার্যত শেষ। তাদের জন্য ‘অর্থহীন’ হয়ে পড়া বুন্দেসলিগার পরের ম্যাচে মূল খেলোয়াড়দের বিশ্রামে রাখার বিলাসিতা বায়ার্ন এখন দেখাতেই পারে। মরিনহো অবশ্য এসব পাত্তা দিচ্ছেন না। তিনি আত্মবিশ্বাসী, এই অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফাইনাল খেলতে ফিরে আসবে রিয়াল, ‘আমরা ফিরতি লেগ পাচ্ছি। আর এমনও নয় যে আমাদের জেতার জন্য ঐতিহাসিক প্রত্যাবর্তন করে দেখাতে হবে। বরং আমাদের জন্য কাজটা খুবই সহজ। আমরা নিজেদের মাঠে জিতলেই উঠে যাব ফাইনালে।’ আসলেই সহজ। ১-০ গোলে জিতলেও চলবে রিয়ালের। তবে বায়ার্ন একটি গোল করে ফেললে পাল্টে যাবে হিসাব।রিয়ালের জন্য সামনে অপেক্ষা করছে একই সঙ্গে কঠিন এবং সহজ একটি ম্যাচ! এএফপি, রয়টার্স।