হেরেও কিংস কাপের সেমিফাইনালে বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল বার্সেলোনা। পেপ গার্দিওলার শিষ্যরা একের পর এক জয় তুলে আনছিল প্রতিপক্ষকে রীতিমতো দুমড়ে-মুচড়ে দিয়ে। কিন্তু গতকাল এই উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল বেটিস। কিংস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের খেলায় এই দ্বিতীয় বিভাগের দলটির কাছেই কাতালানরা হেরে গেছে ৩-১ গোলে। অবশ্য হেরে গেলেও সেমিফাইনালের টিকিট পেতে কোনো সমস্যাই হয়নি তাদের। কারণ, প্রথম লেগে তারা রিয়াল বেটিসকে ৫-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথটা অনেকটাই পরিষ্কার করে রেখেছিল। তাই গতকাল হেরে গেলেও দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে এগিয়ে থেকে নির্বিঘ্নেই কিংস কাপের সেমিফাইনালে চলে গেছে বার্সেলোনা।গতকাল নিজেদের মাঠে খেলা শুরুর সাত মিনিটের মধ্যেই বার্সেলোনার জালে দুবার বল জড়িয়ে দিয়েছিলেন বেটিস স্ট্রাইকার জর্জ মলিনা। বেটিস ডিফেন্ডারদের কড়া প্রহরায় খুব বেশি সুবিধা করে উঠতে পারছিলেন না মেসি, জাভিরা। কিন্তু প্রথমার্ধের ৩৮ মিনিটের মাথায় অবশ্য আর আটকে রাখা যায়নি মেসিকে। জাভির পাস থেকে মৌসুমের ৩২তম গোলটি করেছেন ফিফার বর্ষসেরা এই ফুটবলার। প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও ব্যবধান বাড়িয়েছেন বেটিস মিডফিল্ডার আরজু। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে মেসি একটা পেনাল্টি মিস না করলে ব্যবধানটা একটু কমানোর সুযোগ পেত বার্সেলোনা। রয়টার্স।