হেরেও চেকদের রোনালদো-মুগ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম পাতায় বড় একটা ছবি ছেপেছে চেক প্রজাতন্ত্রের সর্বাধিক প্রচারিত দৈনিক ডিএনইএস। কোমরে হাত দিয়ে হতাশ রোনালদো তাকিয়ে আছেন নিচের দিকে। তাঁকে ঘিরে রয়েছেন কয়েকজন চেক ফুটবলার। বড় বড় অক্ষরে হেডিং, ‘থ্যাঙ্কস বয়েজ!’দেখলে মনে হবে, চেক প্রজাতন্ত্রই বুঝি জিতেছে। আসলে ছবিটি প্রথমার্ধের। কোয়ার্টার ফাইনালেই শেষ হয়েছে ১৯৯৬ ইউরোর রানার্সআপ ও ২০০৪ ইউরোর সেমিফাইনালিস্টদের দৌড়। তবে এতেই খুশি চেকরা। প্রথম ম্যাচে রাশিয়ার কাছে ৪-১ গোলে উড়ে যাওয়া দল শেষ আটে খেলতে পেরেছে, এটাই বা কম কি। পরশু আবার চোটের কারণে তারা পায়নি অধিনায়ক ও দলের সেরা তারকা টমাস রসিস্কিকে। সব মিলিয়ে তাই ইউরো অভিযান নিয়ে তৃপ্তই কোচ মিচেল বিলেক, ‘রসিস্কি যতবার বাইরে থাকে, সব সময়ই আমরা ওকে মিস করি। ও দারুণ এক ফুটবলার। তবে আমার পুরো দলকেই কৃতিত্ব দেওয়া উচিত, ছেলেরা অজেয় মানসিকতা দেখিয়েছে। রাশিয়ার কাছে হার দিয়ে হতাশাজনক শুরুর পর শেষ আটে আসতে পারা আমাদের জন্য দারুণ এক সাফল্য। আমরা মাথা উঁচু করেই দেশে ফিরতে পারি।’বিলেক আগেই ঘোষণা দিয়েছিলেন, তাঁর দল অতিরক্ষণাত্মক খেলবে। সেভাবে খেলেই সাফল্য প্রায় এসেই যাচ্ছিল। দমিয়ে রাখা গিয়েছিল পর্তুগিজদের। তবে রোনালদোর দুর্দান্ত হেড শেষ করে দিল সবকিছু। চেক কোচের কণ্ঠেও রোনালদো স্তুতি, ‘রোনালদো পায়ের পাশাপাশি মাথার ব্যবহারটাও ভালো জানে। এ জন্যই ও আর সবার চেয়ে ভালো। ওর গোলটাই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।’ম্যাচের ৪০ মিনিটে ছোটখাটো একটা অর্জন হয়ে গেছে রোনালদোর। ইউরোতে তিনিই এখন সবচেয়ে কম বয়সে (২৭ বছর ১৩৭ দিন) এক হাজার মিনিট খেলা ফুটবলার। তবে ওই গোলটা না পেলে এমন অর্জনের দিনটায় হয়তো মাঠ ছাড়তে হতো তিক্ততা নিয়ে। ম্যাচে অসংখ্যবার গোলের কাছাকাছি গিয়েও হতাশায় পুড়তে হয়েছে। অবশেষে ৭৯ মিনিটের গোল নিয়ে মাঠ ছেড়েছেন স্বস্তিতে। ম্যাচ শেষে রোনালদো ছিলেন দারুণ মুডে, ‘আগের ম্যাচেও দুবার বারে লেগেছে, এ ম্যাচেও। তবে মূল ব্যাপার হলো সেদিনও গোল পেয়েছি, পেয়েছি আজও এবং আমরা সেমিফাইনালে উঠেছি। এখন হাসি আর উচ্ছ্বাসের সময়।’আজ স্পেন-ফ্রান্সের জয়ী দলকে ফাইনালে ওঠার লড়াইয়ে পাবে পর্তুগাল। তবে এখনই রোনালদো ফাইনালের ছবিটা আঁকতে চাইছেন না, ‘আমার মনে হয় আমাদের সম্ভাবনা ৫০-৫০। তবে বিশ্বাস হারালে চলবে না, নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে আমাদের।’ বর্তমান ফর্ম বিবেচনায় স্পেনের সামনে না দাঁড়াতে পারলেই খুশি হবেন যেকোনো কোচ। তবে পাওলো বেন্তোর কোনো পছন্দ নেই, ‘এ ধরনের টুর্নামেন্টের সেমিফাইনালে খেলবে যে দল, তারা অবশ্যই ভালো। সামনে যে-ই আসুক, আমাদের ভালো খেলেই জিততে হবে।’ এএফপি, রয়টার্স।