হেরেও জয়ী রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহো জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়েছেন, এমন কিছু তাঁর প্রোফাইলে নেই। তবু মনে হয় ভবিষ্যৎ পড়তে পারেন রিয়াল মাদ্রিদ কোচ। আর না হলে লেভান্তের বিপক্ষে স্প্যানিশ কাপের শেষ ষোলোর প্রথম লেগ খেলতে নামার আগে খেলোয়াড়দের ডেকে কেন বলবেন—যত পারো গোল করো! হয়তো তিনি জানতেন, লেভান্তের মাঠে পরের লেগে তাঁর দল খাদে পড়ে যাবে।ভাগ্যিস, কোচের কথা শুনেছিলেন রোনালদো-বেনজেমারা। ইচ্ছেমতো গোল করেছেন, প্রথম লেগে নিজেদের মাঠে দলকে জিতিয়েছেন ৮-০ গোলে। নইলে প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিয়ে কেলেংকারি ঘটাতে পারত! পরশু লেভান্তের কাছে ২-০ গোলে হেরেছে রিয়াল। তবু স্প্যানিশ কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা গেছে। কারণ প্রথম লেগের ওই ৮ গোল। দুই লিগ মিলিয়ে ফল হয়েছে—রিয়াল ৮: ২ লেভান্তে।কোয়ার্টার ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। আগামী বুধবার বার্নাব্যুতে প্রথম লেগ, দ্বিতীয় ডার্বিটা অ্যাটলেটিকোর মাঠে ১৯ জানুয়ারি। বার্সেলোনাও তাদের শেষ আটের প্রথম ম্যাচটা আগামী বুধবার নিজেদের মাঠে খেলবে। প্রতিপক্ষ রিয়াল বেটিস। কাতালানদের দ্বিতীয় লেগ ম্যাচ ১৯ জানুয়ারি।জয়ে শুরু লিওনার্দোর: নতুন কোচ পেয়েই ঘুরে দাঁড়াল ইন্টার মিলান। সিরি ‘আ’তে গত ম্যাচে হেরে যাওয়া ইন্টার পরশু নাপোলির বিপক্ষে জিতল ৩-১ গোলে। শুধু নতুন কোচের বরণ দিনে জয় পেয়ে কিন্তু আত্মতুষ্ট নন লিওনার্দো। থিয়াগো মোত্তার জোড়া গোলের সঙ্গে ক্যাম্বিয়াসোর গোল মিলে পাওয়া জয়ের এ ধারাটা অটুট রাখতে চান এসি মিলানের সাবেক কোচ, ‘আমি জয়ী দলের আনন্দ ধরে রাখতে চাই। এ মুহূর্তে আমাদের একেকটা ধাপ নিয়ে ভাবতে হবে। একটা ম্যাচের পর একটা ম্যাচ।’এসি মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিও এভাবেই এগোতে চান। এভাবে এগিয়েই এখন পয়েন্ট তালিকার শীর্ষে তারা। পরশু অবশ্য ক্যালিয়ারির বিপক্ষে স্ট্রাসারের একমাত্র গোলে জয় পেয়েছে মিলান (১-০)। গোলটা বানিয়ে দিয়েছেন মিলানে অভিষিক্ত আন্তোনিও কাসানো। এএফপি।