হেরেও তাহিতির উৎসব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো কখনো স্রেফ একটা গোল পুরো ম্যাচ ছাপিয়ে বড় হয়ে ওঠে। একটা গোল পুরো দেশকে ভাসিয়ে দেয় আবেগের স্রোতে। কখনো একটা গোল বড় পরাজয়কেও তুচ্ছ মনে করায়। জোনাথন তেহাউ নিজেকে সৌভাগ্যবান মনে করতেই পারেন। এমন একটা গোল তিনি করেছেন, যেটি দেশের ফুটবল ইতিহাসে তাঁর নাম অক্ষয় করে দিয়েছে।হ্যাঁ, তাহিতি নাইজেরিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বটে, কিন্তু ফলটা তো প্রত্যাশিতই ছিল। ফিফা র‌্যাঙ্কিংয়ে যখন দুই দেশের ব্যবধান ১০৭, তখন এমন একতরফা ফলে বিস্ময়ের কিছু নেই। তবে প্রবল প্রতিপক্ষের সঙ্গে তাহিতি শুধু দাঁতে দাঁত চেপে ঠেকানোর মন্ত্রই জপ করে যায়নি, পাল্টা আক্রমণেও উঠেছে। সেটিরই ফসল তেহাউয়ের ওই গোল।দেশটির ইতিহাসে প্রথম বড় টুর্নামেন্ট। পৌনে দুই লাখ মানুষের ছোট্ট দ্বীপটা গত পরশু থমকে গিয়েছিল ঘণ্টা দুয়েকের জন্য। কাজ বাদ দিয়ে সবাই বুঁদ হয়ে ছিল টেলিভিশন সেটের সামনে, দেশটির প্রেসিডেন্ট পর্যন্ত মন্ত্রিপরিষদের বৈঠক স্থগিত করে দিয়েছেন। সবার মন যে ১০ হাজার কিলোমিটার দূরের ব্রাজিলে! তিন গোলে পিছিয়ে পড়ার পর ৫৪ মিনিটে যখন কর্নার থেকে উড়ে আসা বলে তেহাউ লাফিয়ে উঠে হেডে গোল করলেন, মাঠের উৎসব ছড়িয়ে পড়ে পুরো তাহিতিতেই। মাঠের উদ্যাপনটাও ছিল ব্যতিক্রমী। নৌকা বাওয়ার যে ভঙ্গি মনে করিয়ে দিল তাহিতির ফুটবলারদের প্রাত্যহিক জীবনচর্চাকে।জোনাথন তেহাউ যেন বিশ্বাসই করতে পারছিলেন না! পেশায় গাড়িচালক, এর ফাঁকেই বল নিয়ে যা একটু কারিকুরির ফুরসত মেলে। ম্যাচ শেষে কথা বলার সময় ঐতিহাসিক গোল করার আবেশ যেন লেগে ছিল তাঁর চোখে, ‘আমি কিছুই ভাবতে পারছিলাম না। আমি শুধু বন্ধুদের নিয়ে গোলটা উদ্যাপন করেছিলাম। এটা বিশাল...ব্রাজিলে এসেছি, তার ওপর গোল করেছি।’ গোলটা তাঁর জীবনটাকেও বদলে দেবে বলেই আশা তাঁর। সাংবাদিকেরা প্রশ্ন করলেন, সুযোগ পেলে কোন ক্লাবে খেলতে চাইবেন? ফিচকে হাসি দিয়ে তেহাউ জবাব দিলেন, ‘স্বপ্ন দেখতে দোষ কী? বার্সেলোনা।’ পরে অবশ্য আরেকটি গোলও করেছেন তেহাউ। তবে সেটি নিজেদের জালে।একটা গোল নিয়ে এত উচ্ছ্বাস বাড়াবাড়ি মনে হলে শুনে নিন তাহিতি দলের একমাত্র পেশাদার ফুটবলার মারামা ভাহিরুয়ার কথাটা, ‘আমাদের জন্য এটা জয়ই। কেউ ভাবেনি আমরা গোল করব। কিন্তু আমরা ভেবেছি। নিজেদের নিয়ে আমরা গর্বিত।’ এএফপি।বেলো হরিজন্তের ২০ হাজার দর্শকও পুরো সময় গলা ফাটিয়েছে তাহিতির হয়ে। কোচ এডি এতায়েতা তো রীতিমতো আপ্লুত, ‘দর্শকের দিকে তাকিয়ে আমি বলে উঠলাম, ওয়াও! বেলো হরিজন্তে আমাদের সঙ্গেই আছে। সমর্থন পাওয়ারই তো অভ্যাস নেই আমাদের, আমি মনে করি, আমরা ব্রাজিলিয়ানদের হূদয় জয় করতে পেরেছি।’