হেরেও দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেরে গেলেও হাসিমুখেই মাঠ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবলাররা। ছবি: রয়টার্স
হেরে গেলেও হাসিমুখেই মাঠ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবলাররা। ছবি: রয়টার্স

ঘানার বিপক্ষে জিতেও বিমর্ষ-মলিন মুখে মাঠ ছেড়েছেন পর্তুগালের ফুটবলাররা। ‘জি’ গ্রুপের অপর ম্যাচে ছিল পুরোপুরিই ভিন্ন চিত্র। জার্মানির বিপক্ষে ১-০ গোলে হেরেও উল্লাস করেছেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা। তিন ম্যাচ শেষে পর্তুগাল-যুক্তরাষ্ট্রের পয়েন্ট (৪) সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়ে গেছে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের শিষ্যরা।

ড্র করলে অন্য কোনো হিসেবনিকেশ ছাড়াই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারত যুক্তরাষ্ট্র ও জার্মানি। কিন্তু এটা মাথায় রেখে ফুটবলের সৌন্দর্য নষ্ট করেনি কেনো দলই। ঠিক যেমনটা ১৯৮২ সালে করেছিল পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমিয়ে তুলেছিলেন জার্মানি ও যুক্তরাষ্ট্রের ফুটবলাররা। ২২ মিনিটের মাথায় চমত্কার একটি গোলের সুযোগও পেয়েছিলেন মাইকেল ব্রাডলি। কিন্তু তাঁর পাস থেকে বল পেয়ে সেটা জালে জড়াতে পারেননি গ্রাহাম জুসি। যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকারের জোরালো শটটি চলে গেছে গোলপোস্টের কিছুটা ওপর দিয়ে। ৩৬ মিনিটে জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের দারুণ একটি গোল প্রচেষ্টা রুখে দিয়েছেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ড।
দ্বিতীয়ার্ধে, ৫২ মিনিটে রোনালদোকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা বনে যাওয়ার চমত্কার সুযোগ পেয়েছিলেন মিরোস্লাভ ক্লোসা। কিন্তু হেড থেকে গোল করার সুবর্ণ সুযোগটি নষ্ট করেছেন এই জার্মান স্ট্রাইকার। ৫৫ মিনিটে টমাস মুলার অবশ্য যুক্তরাষ্ট্রের জালে বল জড়াতে কোনো ভুল করেননি। পেনাল্টি বক্সের বাইরে থেকে জোড়ালো এক শটে গোল করেছেন মুলার।
শেষপর্যন্ত মুলারের এই গোলের সুবাদেই ১-০ ব্যবধানের জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে জার্মানি।