হেরেও নায়ক ভেট্টোরি
প্রথম ম্যাচে বাইরে বসে ছিলেন। ঘাড়ের ব্যথাটা ভোগাচ্ছিল বলে খেলার কথা ছিল না কালকের ম্যাচটিও। কিন্তু শেষ মুহূর্তে আগের ম্যাচের সেরা খেলোয়াড় রস টেলর ছিটকে পড়ায় ব্যথা অগ্রাহ্য করে নেমে পড়েছিলেন মাঠে। শুধু নামেননি, অধিনায়কোচিত খেলাই খেলেছেন। শেষ পর্যন্ত অবশ্য পারেননি। ১২ রানে হেরে গেছে দল। কিন্তু ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে ড্যানিয়েল ভেট্টোরির হাতেই।৫০ ওভারে ৭ উইকেটে ২৭৩ রান তুলেছিল অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় ম্যাচেও ২৭০-এর বেশি রান পায় অস্ট্রেলিয়া ব্র্যাড হাডিন, ক্যামেরন হোয়াইট, মাইক হাসির তিনটি পঞ্চাশের ইনিংসে। ব্যথা নিয়েও ভেট্টোরি বরাবরের মতোই কৃপণ বোলিং করেছেন। ৪৩ রানে ২ উইকেট তাঁর। তবে দিনের নায়ক আসলে ছিলেন ‘ব্যাটসম্যান’ ভেট্টোরি।মাঝখানে বৃষ্টির উত্পাতে অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের লক্ষ্য স্থির হয় ৪৫ ওভারের ২৬৬। টপ অর্ডারের ব্যর্থতায় ভেট্টোরি যখন ব্যাট হাতে নামেন, তখন নিউজিল্যান্ডের স্কোর ১৩১/৬। আগের ম্যাচের নাটকীয় জয়ের নায়ক স্কট স্টাইরিসও ততক্ষণে ফিরে গেছেন। ১১২ বলে নিউজিল্যান্ডকে তুলতে হবে ১৩৫ রান। হাতে মাত্র চার উইকেট।প্রথম উইকেটকিপার গ্যারেথ হপকিন্সকে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন অধিনায়ক। সপ্তম উইকেট জুটিতে ৪৫ রান আসে ৬.২ ওভার খরচায়। তাতে ভেট্টোরির রানই ২৭। ভেট্টোরির কাজটা আরও কঠিন করে দিয়ে ৩৫ রান করে ফিরে যান হপকিন্স। ১৭৬ রানে সপ্তম উইকেটের পতন।কিন্তু গত কয়েক বছর ধরে একাই বহুবার দলকে টেনে নিয়ে যাওয়া ভেট্টোরিকে মোটেও বিচলিত মনে হচ্ছিল না। শেষ ১০ ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল ৭৩। পরের ওভারে ১৬ রান তুলে হিসাবটাকে আরও সহজ করে নিয়ে আসেন ড্যারিল টাফি আর ভেট্টোরি। ৫৭ দরকার ৫৪ বলে। পরের ওভারে টাফি স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নিলে সমীকরণ পাল্টে যায়। ভেট্টোরি অবশ্য প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়েই ব্যাট করে গেছেন। মাত্র ৩৪ বলে তুলে নিয়েছেন ফিফটি। কিন্তু ৪১তম ওভারে ১০ নম্বর ব্যাটসম্যান শেন বন্ডের বিদায় আর ৪২তম ওভারে মাত্র ২ রান ওঠায় কঠিন এক চ্যালেঞ্জের সামনে পড়েন ভেট্টোরি।হাতে মাত্র এক উইকেট, শেষ তিন ওভারে দরকার ২৪ রান। ৪৩তম ওভারের প্রথম দুই বলে চার মেরে ভেট্টোরি জানিয়ে দেন, চ্যালেঞ্জটা নিতে তিনি প্রস্তুত। জমে ওঠে দারুণ উত্তেজনা। প্রথম ম্যাচের মতোই নিউজিল্যান্ড কি পারবে দ্বিতীয় ম্যাচেও মুখের গ্রাস কেড়ে নিতে? ১১ বলে দরকার ১৩। উইকেটে ভেট্টোরি, ৪৮ বলে ৭০ রানে ব্যাট করছেন। কিন্তু হলো না। রায়ান হ্যারিসের বল গ্লান্স করতে গিয়ে লাইন মিস করলেন। ভেঙে গেল অফস্টাম্প। ভেঙে গেল আসলে নিউজিল্যান্ড সমর্থকদের হূদয়! পাঁচ ম্যাচ সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। ওয়েবসাইট।