হেরেও বার্তা দিল বাংলাদেশ

সকালের মেঘলা আকাশ তখন তীব্র রোদ ছড়াচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবক তখনই কিনা প্রেসবক্সে ডাকওয়ার্থ-লুইসের হিসাব বিলাচ্ছেন! এই রোদের মধ্যে ডাকওয়ার্থ আর লুইস সাহেবকে নিয়ে টানাটানি কেন? মধ্যবয়সী স্বেচ্ছাসেবক হাসলেন, ‘লাগতেও তো পারে। আমরা তো বৃষ্টির জন্য প্রার্থনা করছি।’
বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ধরে নিয়ে মেলবোর্নের টিকিট ও হোটেল কনফার্ম করে ফেলা ভারতীয় সাংবাদিককে তখন যারপরনাই বিচলিত দেখাচ্ছে। বাংলাদেশ এই ম্যাচে জিতে গেলে যে মেলবোর্নের বদলে ভারতের খেলা পড়বে সিডনিতে! তা বাংলাদেশ তো জিতে যাবে বলেই মনে হচ্ছে।
এই বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নিয়ে এত হইচই, তবে তাদের মিডল অর্ডারকে সেভাবে পরীক্ষাই দিতে হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দিতে হয়েছিল, তাতে ডাহা ফেল। সেই ভঙ্গুর মিডল অর্ডার বাংলাদেশের সামনে উন্মুক্ত! সর্বশেষ তিন ইনিংসে যাঁর সর্বনিম্ন স্ট্রাইক রেট ২০৮, সেই ব্রেন্ডন ম্যাককালাম মাত্র ৮ রানেই ফিরে গেছেন। মাত্র ১ রান করে কেন উইলিয়ামসনও। ওয়ানডেতে যিনি সর্বশেষ এক অঙ্কের রানে আউট হয়েছিলেন ২৩ ইনিংস আগে। মাত্র পাঁচ বলের মধ্যে দুজনকে আউট করে সাকিব আল হাসান আবারও বুঝিয়ে দিচ্ছেন, তিনি নিউজিল্যান্ডের যম। খেলাটা বাংলাদেশেই হোক বা কিউই-ভূমে, তাতে কিছু আসে যায় না।
মার্টিন গাপটিল আর রস টেলর যখন টলটলায়মান তরি বাইছেন, আইসিসির ভিআইপি হসপিটালিটি মার্কিতে স্যার রিচার্ড হ্যাডলি বাংলাদেশকে নিয়ে মুগ্ধতার কথা বলছেন। ম্যাককালামের ওষুধ হিসাবে বাংলাদেশ স্পিন ব্যবহার করবে অনুমান করেছিলেন, কিন্তু নতুন বলে দুই প্রান্তেই স্পিন! হ্যাডলি রীতিমতো অভিভূত, ‘এমন একটা দুঃসাহসিক কাজ, ভাবাই যায় না। বাংলাদেশের ভিন্ন কিছু করার সাহস আছে বলতে হবে।’ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তখনো জানেন না, ওয়ানডে ইতিহাসই কখনো নতুন বলে দুই বাঁহাতি স্পিনারকে দেখেনি।
এই চিন্তা যাঁর মস্তিষ্কপ্রসূত, সেই চন্ডিকা হাথুরুসিংহেরও জানা ছিল না যে, এটিই প্রথম। তা কী ভেবে এমন বৈপ্লবিক চিন্তা? প্রশ্নটাতে যেন একটু অবাকই হলেন, ‘নিউজিল্যান্ড যে স্পিন খেলতে পারে না, এটা কি অজানা কিছু নাকি!’ হেরে গেলেও কোয়ার্টার ফাইনালের আগে এই ম্যাচ থেকে অনেক প্রাপ্তি খুঁজে পেয়ে অধিনায়ক সাকিব আল হাসান হাসি মুখেই সংবাদ সম্মেলন করেছেন। হাথুরুসিংহে সেই পাত্রই নন। বরং তাঁকে রীতিমতো ক্ষুব্ধ মনে হলো, ‘আরে, এই ম্যাচটা তো আমরাই জিতি। পারলাম না শুধু তাইজুল যাচ্ছেতাই বোলিং করল বলে।’ এর আগে ওয়ানডেই খেলেছেন মাত্র একটি, তার ওপর বিশ্বকাপ অভিষেকের স্নায়ুচাপ—এসব বলতে গিয়ে রীতিমতো দাবড়ানি খেতে হলো, ‘কী সব অজুহাত দাঁড় করাচ্ছেন! বাংলাদেশের ক্রিকেটে এসব অজুহাতের দিন শেষ। তিন মাস ধরে প্র্যাকটিস করে এই বোলিং, ছ্যা-ছ্যা!’
পুরস্কার বিতরণীতে ব্রেন্ডন ম্যাককালাম বলে এসেছেন, এটি যত না অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের উইকেট ছিল, তার চেয়ে বেশি উপমহাদেশীয় উইকেট। সংবাদ সম্মেলনে সাকিবও বললেন, বল উইকেটে আটকাচ্ছিল, টার্নও করছিল। এমন উইকেটে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে যে ফলটা ‘নিয়ম’ হয়ে গিয়েছিল, সেটিই প্রায় হয়ে যাচ্ছিল। গাপটিলের সঙ্গে ১৩১ রানের জুটিতে রস টেলর যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে তিনি বাংলাদেশের পক্ষেই খেলছেন কিনা সন্দেহ হচ্ছিল! ৯৭ বলে কেঁদে-ককিয়ে ৫৬। এলবিডব্লু করে টেলরকেও যেন যন্ত্রণা থেকে মুক্তি দিলেন নাসির। কিছুক্ষণ পর কোরি অ্যান্ডারসনের কাছে বিশাল এক ছক্কা খাওয়ার পরের বলেই ফেরালেন তাঁকেও। তখনো ১৬ বলে ২০ রান চাই নিউজিল্যান্ডের। সাম্প্রতিক অতীতে এমন পরিস্থিতিতে এই দুই দলের দ্বৈরথে একটা দলই জিতেছে। কাল ব্যতিক্রম হলো।
বোলিংয়ে নাসিরের ২ উইকেট মনে রাখবেন না নাকি তাঁর ফেলে দেওয়া ভেট্টোরির ক্যাচটি-এটি একটা প্রশ্ন বটে। ওই ক্যাচটা নিতে পারলে এই বিশ্বকাপে নিউজিল্যান্ডের জয়রথের চাকা নিশ্চিতভাবেই বসে যেত। ভয়ের একটা কাঁপনও ছড়িয়ে দেওয়া যেত অন্যদলগুলোর মনে। তবে বাংলাদেশ যা করল, সেটিই বা খুব কম কি! এর আগের পাঁচটি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো দল ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি। চার ম্যাচে পরে ব্যাটিং করে নিউজিল্যান্ড জিতেছে ২৪.৫, ১২.২, ২৩.১ ও ৩৬.১ ওভারে। কাল ম্যাচের প্রথম ১০ ওভারও এমন কিছুরই ভয় দেখাচ্ছিল।
মেঘলা আকাশের নিচে ইচ্ছেমতো বল সুইং করালেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। যেকোনো দলই এতে হাবুডুবু খেত। বাংলাদেশের দুই ওপেনার তো খাবেনই। ৫ ওভার শেষে স্কোরবোর্ডের যে চেহারা, তা টেস্ট ম্যাচের সঙ্গে যায়। ওয়ানডের সঙ্গে নয়। রান মাত্র ৪! ৬ ওভার শেষে সেটি ১ উইকেটে ৪ হয়ে গেল। দশম ওভারে ২ উইকেটে ২৭। নিউজিল্যান্ডের আগের ম্যাচগুলোর মতো এটিও তাহলে স্বল্পায়ুই হচ্ছে!
সেখান থেকে ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৮৮ বাংলাদেশের ইতিহাসে সেরা ব্যাটিং পারফরম্যান্সের একটি। যেটিতে সবচেয়ে জ্বলজ্বলে মাহমুদউল্লাহর অপরাজিত ১২৮। তারকাদ্যুতিতে বরাবরই অন্য অনেকের চেয়ে পিছিয়ে, নিজেকে চেনাতে বেছে নিয়েছেন বিশ্বকাপের আলোঝলমল মঞ্চটাকেই। প্রথম তিন বলেই দু-দুবার ক্যাচ হতে হতে বেঁচে গিয়েছেন, এরপর আর পেছন ফিরে তাকাননি। এর আগে বাংলাদেশের পক্ষে টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরি ছিল শুধুই শাহরিয়ার নাফীসের। প্রতিপক্ষ এবং উপলক্ষ দুই বিবেচনাতেই মাহমুদউল্লাহর কীর্তির সঙ্গে যার কোনো তুলনাই চলে না।
বাংলাদেশের ইনিংসের নায়ক অবশ্যই মাহমুদউল্লাহ, তবে দুই পার্শ্বনায়কও কম উজ্জ্বল নন। সৌম্য সরকার ও সাব্বির রহমান দুজনের ব্যাটেই তারুণ্যের দর্প। সৌম্যর ৫৮ বলে ৫১ রানে যদি পাল্টা আক্রমণের শৌর্য লেখা থাকে, সাব্বিরের ২৩ বলে ৪০ শেষের ১০ ওভারের জন্য একেবারে অর্ডার দিয়ে বানানো। ওই ১০ ওভারে ১০৩ রানে বিশ্বকাপে প্রথমবারের মতো নিউজিল্যান্ড বোলিংকে নিয়ে ছেলেখেলা।
জয়টা হাত ফসকে যাওয়ার আফসোস থাকছে, তবে বার্তাটা ঠিকই ছড়িয়ে দিতে পারল বাংলাদেশ।
প্রস্তুত থেকো এমসিজি, আমরা আসছি!