হেরেও ম্যাচসেরা যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ পর্যন্ত দুবার করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন টিম হাওয়ার্ড ও গিলের্মো ওচোয়া। এর মধ্যে পরাজিত দলে থেকেও ম্যাচসেরা হয়েছেন একবার করে। ছবি- রয়টার্স
এ পর্যন্ত দুবার করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন টিম হাওয়ার্ড ও গিলের্মো ওচোয়া। এর মধ্যে পরাজিত দলে থেকেও ম্যাচসেরা হয়েছেন একবার করে। ছবি- রয়টার্স

মাঠের খেলায় প্রতিপক্ষকে ছাপিয়ে গিয়েই সেরা হতে হয়। ম্যাচের সেরা খেলোয়াড়টি সাধারণত খেলেই বিজয়ী দলেই। কিন্তু অনেক খেলোয়াড় পরাজিত দলের হয়েও নিজের জাদুকরি কারিশমা দিয়ে ছাপিয়ে যান মাঠের অন্য সবাইকে।

এবারের বিশ্বকাপে নির্দিষ্ট করে চারজনের কথা বলতেই হয়। এই চতুষ্টয় পরাজিত দলেরই সদস্য। কিন্তু পারফরম্যান্সের নান্দনিকতায় তাঁরা নিজেদের নিয়ে গেছেন অন্য উচ্চতায়। মজার ব্যাপার হচ্ছে, এঁরা কিন্তু সবাই গোলরক্ষক।

মেক্সিকোর গিলের্মো ওচোয়া, আলজেরিয়ার রাইস এমবোলহি, ইতালির জিয়ানলুইজি বুফন ও যুক্তরাষ্ট্রের টিম হাওয়ার্ডের ক্রীড়াশৈলীতে অন্যদের ছাপিয়ে গেছেন দারুণভাবেই। দল হারলেও এই চারজনই মন জয় করে নিয়েছেন সবার। এবারের বিশ্বকাপে ব্যক্তিগত পারফম্যান্সের হিসাবে এই চারজনকে হয়তো আলাদাভাবেই মনে রাখতে হবে ফুটবলপ্রেমীদের।

গ্রুপ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গোলবারের সামনে দুর্গ গড়ে তুলেছিলেন মেক্সিকান গোলরক্ষক গিলের্মো ওচোয়া। সেই দুর্গের দেয়াল ছিল দুর্ভেদ্য। পুরো ৯০ মিনিটেও নেইমার-অস্কাররা সেদিন ভাঙতে পারেননি ওচোয়ার ‘মহাপ্রাচীর।’ সেই ম্যাচে তাঁর দুর্দান্ত সব সেভ বেশ কয়েক দিন পর্যন্ত সামাজিক যোগাযোগ আর গণমাধ্যমে আলোচনায় রেখেছিল তাঁকে। ইংলিশ মিডিয়া তো সেই ম্যাচে তাঁর একটি সেভকে কিংবদন্তি গর্ডন ব্যাঙ্কসের সেভের সঙ্গে তুলনীয় মেনেছিল। গ্রুপের চার ম্যাচে একবার মাত্র পরাস্ত হয়েছিলেন তিনি, তাও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের ৮৭ মিনিটে। নকআউট পর্বে এবারের আসরে এ পর্যন্ত সবচেয়ে বেশি গোল করা দল হল্যান্ডকে ৮৮ মিনিট পর্যন্ত আটকে রেখেছিলেন মেক্সিকান এই গোলরক্ষক। ম্যাচের শেষের দিকে স্নাইডারের ওই ‘গোলা’ আর অতিরিক্ত সময়ে রোবেনের আদায় করা ওই পেনাল্টিটির কারণেই ২-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে মেক্সিকোকে। তবুও সেদিন বিচারকদের দৃষ্টিতে ম্যাচসেরা ওচোয়াই।

আলজেরিয়ার রাইস গ্রুপ পর্বের ম্যাচগুলোয় সেভাবে নজর কাড়েননি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে জার্মানির বিপক্ষে কী খেলাটাই না খেললেন তিনি! পুরো ৯০ মিনিট তাঁর সামনে এসেই থমকে যাচ্ছিল ‘জার্মান-মেশিন’গুলো। অতিরিক্ত সময়ের দুই গোলে সেদিন আলজেরিয়াকে জার্মানি হারিয়েছে বটে, কিন্তু আফ্রিকার সেই অখ্যাত (!) এই গোলরক্ষক রাইস সেদিন ছিলেন এক কথায় অনবদ্য।

বুফনের কথা নতুন করে বলার কিছু নেই। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক।  আট বছর আগে তাঁর ওপর ভর করেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছি আজ্জুরিরা। এবার ক্যারিয়ারের গোধূলি-লগ্নেও তিনি নিজের যোগ্যতার জায়গাটা কিন্তু ঠিকই ধরে রেখেছেন। ইতালি গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও বুফন কিন্তু মাঠে ছিলেন উজ্জ্বল পারফরমারদেরই একজন। উরুগুয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি দল হেরে গেলেও তিনি হয়েছেন বিচারকদের দৃষ্টিতে সেরা। 

এই বিশ্বকাপ বোধ হয় হতে চলেছে গোলরক্ষকদের। দ্বিতীয় রাউন্ড শেষে হয়ে যাওয়া ৫৬ ম্যাচে দশবার ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন কোনো না কোনো গোলরক্ষক। এর মধ্যে গিলের্মো ওচোয়া ও টিম হাওয়ার্ড দুবার করে। গোলের ফুলঝুরি ছোটা এবারের বিশ্বকাপে গোলরক্ষকদের বাজে সময় কাটছে বলে যাঁদের ধারণা, তাঁরা নিশ্চয়ই হকচকিয়ে যাবেন এই পরিসংখ্যানে। কিন্তু এটাই সত্য। এ বিশ্বকাপ গোল হওয়ার এবং একই সঙ্গে গোল ঠেকিয়ে চলারও। মোটকথা ফুটবল তার সেরা চেহারা নিয়েই হাজির এবারের ব্রাজিল বিশ্বকাপে। সেরা গোলরক্ষকেরাও তো সুন্দর ফুটবলেরই অংশ।