হেরেও শীর্ষে মুম্বাই
কোচির বিপক্ষে ১৮২ করেও হেরেছিল বোলারদের ব্যর্থতায়। মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয় হারের স্বাদ পেল কাল ব্যাটসম্যানদের ব্যর্থতায়। আইপিএলের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপের দল বলে বিবেচিত মুম্বাইকে ৯৪ রানে আটকে দিয়েছিল রাজস্থান রয়্যালস। ১১ বল হাতে রেখে শেন ওয়ার্নের দল জিতে যায় ৩ উইকেট হারিয়েই। ৬ রানে ৩ উইকেট নিয়ে আর ৪৫ রান করে ম্যাচ-সেরা ইয়োহান বোথা। হেরেও অবশ্য শীর্ষে আছে মুম্বাই। জিতে দুইয়ে উঠে গিয়েছিল রাজস্থান। কালই তাদের তিনে নামিয়ে দুইয়ে উঠেছে রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। চিন্নস্বামী স্টেডিয়ামে জয়ের জন্য পুনে ওয়ারিয়র্সের প্রয়োজন ছিল ১৮২। কিন্তু প্রথম ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েও তুলতে পারে তারা মাত্র ৬৩! পরের ১০ ওভারে ৯২ রান তুলেও তাই লাভ হয়নি। ব্যাঙ্গালুরু জিতেছে ২৬ রানে। ৩৪ বলে ৫১ রান করেন পুনের জেসি রাইডার, ২৩ বলে ৪১ যুবরাজ সিং। বিরাট কোহলির ৪২ বলে ৬৭ ও ক্রিস গেইলের ২৬ বলে ৪৯ ব্যাঙ্গালুরুকে এনে দিয়েছিল ১৮১ রান। মাচ-সেরার পাশাপাশি সর্বোচ্চ রানের ‘কমলা টুপি’ও পেয়েছেন কোহলি। ওয়েবসাইট।