আইপিএলের চতুর্থ আসরটা জয় দিয়েই শুরু করতে পারত কলকাতা নাইট রাইডার্স। কিন্তু গতকাল উদ্বোধনী ম্যাচে গতবারের শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংসের কাছে মাত্র ২ রানে হেরে মাঠ ছাড়তে হয়েছে গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান, জ্যাক ক্যালিসদের। তবে জয়ের মুখ দেখতে না পারলেও দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন নাইট রাইডার্স অধিনায়ক গম্ভীর। গতকাল চেন্নাইয়ে ম্যাচ শেষে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করেছিলাম। দল খুব ভালো ক্রিকেট খেলেছে।’ তবে ফিল্ডিং নিয়ে কিছুটা উদ্বেগ থেকেই গেছে কলকাতা অধিনায়কের। কারণ গতকাল তিন তিনটি ক্যাচ মিস করেছেন তাঁর ফিল্ডাররা। এটাই তাঁদেরকে অনেকখানি পিছিয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমাদের এই দলে অনেক ভালো মানের ক্রিকেটার আছে। আমরা ভালো বল করেছি, ভালো ব্যাটিং করেছি। কিন্তু ফিল্ডিংটা আশানুরূপ হয় নি। এভাবে যদি ফিল্ডাররা ক্যাচ ছাড়তে থাকে, তাহলে খুব বেশিদূর যাওয়া হবে না। কাজেই আমাদের ফিল্ডিংয়ের অগ্রগতির দিকে অনেক বেশি মনোযোগী হতে হবে।’ পিটিআই।