হেরেও সুন্দর ভবিষ্যৎ দেখছে চিলি
এর আগে সাতবার বিশ্বকাপে অংশ নেওয়া চিলি গত দুটি বিশ্বকাপের বাছাইপর্বের বাধাই অতিক্রম করতে পারেনি। তবে তারণ্যনির্ভর এবারের দলটি খেলেছে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত। ব্রাজিলের মতো দলের কাছে হেরে চিলির বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে বলে একেবারে হতাশ হওয়ার কিছু নেই। বরং বিশ্বকাপে যতটুকু পেয়েছে তাতেই নিজেদের সুন্দর ভবিষ্যৎ দেখছে চিলি।চিলির ফুটবল এখন আর আগের মতো নেই। বলা চলে, দলটিকে একেবারে বদলে দিয়েছেন মার্সেলো বিয়েলসা। চিলি এবারের বিশ্বকাপে খেলতে এসেছিল বাছাইপর্বে লাতিন আমেরিকার দ্বিতীয় দেশ হিসেবে। ভাগ্য খারাপই বলতে হয় চিলির। না হলে দ্বিতীয় রাউন্ডে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাবে কেন? ব্রাজিলের বিপক্ষে চিলির ইতিহাসটাও আবার করুণ। গত পাঁচ বছরে দুই দলের সাক্ষাতে সাতবারই হেরেছে চিলি। গোল হজম করেছে ২৬টি! আর বিশ্বকাপে এ পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে তারা। দুবারই জিতেছে ব্রাজিল। যে দলটি ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ঘরে তোলার অপেক্ষায় আছে, তাদের কাছে হারে আবার লজ্জা কিসের?হারের প্রতিক্রিয়ায় হতাশা ব্যক্ত না করে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলছেন, ‘আমি আমার প্রত্যেক ফুটবলারকে ধন্যবাদ দিতে চাই। ভবিষ্যতে চিলি আরও বড় জয় পাবে। সুন্দর ভবিষ্যত্ অপেক্ষা করছে, চলুন সবাই মিলে আনন্দ করি।’ চিলির ফুটবল নিয়ে স্বপ্ন দেখছেন সমর্থকেরাও। চিলির লাল-নীল রঙে নিজের মুখ রাঙিয়ে বড় পর্দায় খেলা দেখতে এসেছিলেন কার্লা পুলগার। হারের পর পুলগার রয়টার্সকে বলছেন,‘একটু কষ্ট লাগলেও দল যা করেছে তার জন্য আমি খুশি।’ এরপর তিনি যোগ করেন, ‘আমাদের হাসি-খুশি হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু আগের চেয়ে আমরা আরও শক্তিশালী হয়েছি সন্দেহ নেই। বিশ্বকাপ আমাদের সবাইকে একত্রিত করেছে।’লাল জার্সি পরা ২২ বছর বয়সী ছাত্র হুয়ান সেরনা যেন একটু বেশিই আত্মবিশ্বাসী। নিজেদের সুন্দর ভবিষ্যত্ নয়, পরবর্তী বিশ্বকাপে চিলি বিশ্বকাপ ঘরে তুলবে এমন স্বপ্নও দেখতে শুরু করেছেন তিনি। সেরনা বলছেন,‘ব্রাজিলের কাছে হেরেছি, এটা কোনো বিষয় নয়। আগামী বিশ্বকাপে আমরাই চ্যাম্পিয়ন হব!’