হেরেও সেমিফাইনালে রাজশাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী রেঞ্জার্সের ম্যাচ ছিল দুপুরে। তবে সে পর্যন্ত অপেক্ষা করতে হলো না। সুখবরটা তারা পেয়ে গেল সকালেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল সকালের ম্যাচে কিংস অব খুলনা সুলতানস অব সিলেটের কাছে ৩৭ রানে হেরে যাওয়ায় নিশ্চিত হয়ে যায় রাজশাহীর সেমিফাইনাল। আলোর উল্টো পিঠেই অন্ধকার থাকে, রাজশাহীর আনন্দটাও সকাল গড়িয়ে দুপুরে রূপ নিল হতাশায়। সেমিফাইনালে উঠলেও লিগ পর্বের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা।জিতলেও নিজেদের ব্যাটিং নিয়ে কিছুটা অতৃপ্তি থাকতে পারে সুলতানস অব সিলেটের। ১০ ওভারে দুই ওপেনার মিলে ৮৬ রান তুললেও মোট রানটা শেষ পর্যন্ত খুব বেশি নয়—৮ উইকেটে ১৫০। কোশল্য বীরারত্নের সঙ্গে ওপেনিংয়ে নেমে ৩৯ বলে ৪২ রান করে সুযোগের সদ্ব্যবহার করলেন গাজী সালাউদ্দিন। বীরারত্নে করেছেন ৩২ বলে ৪৭। মিডল-অর্ডারে নাজমুল হোসেনের (মিলন) ব্যাট থেকে ১৫ বলে ২৮ না এলে স্কোরটা আরও কম হতে পারত সিলেটের। দুই স্পিনার সাকিব আল হাসান আর আবদুর রাজ্জাক এবং পেসার ডলার মাহমুদ ২ উইকেট করে নিয়েই বেশি দূর যেতে দেননি মাশরাফি বিন মুর্তজার দলকে।ম্যাচ শুরুর আগে ১৫০ রানকেই জয়ের জন্য যথেষ্ট বলেছিলেন মাশরাফি। হলোও তাই। পুরো ২০ ওভার ব্যাট করেও ৭ উইকেটে কিংস অব খুলনা করতে পেরেছে মাত্র ১১৩ রান। ফরহাদ হোসেনের ৩৪ বলে ২৬ রান তাতে সর্বোচ্চ। ১৬ রানে তিন উইকেট নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ম্যান অব দ্য ম্যাচ হলেন সিলেটের অফ স্পিনার ফরিদউদ্দিন।প্রথম চার ম্যাচের দুটিতে জিতে আগেই ৪ পয়েন্ট হাতে জমিয়েছিল রাজশাহী রেঞ্জার্স। খুলনার (চার ম্যাচে ২ পয়েন্ট) এই পরাজয়েই তাই নিশ্চিত হয়ে যায় তাদের সেমিফাইনাল। কিন্তু ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে পূর্ণ তৃপ্তি নিয়ে সেমিফাইনালে যেতে পারল না খালেদ মাসুদের দল। পুরো ২০ ওভার ব্যাট করেও ৭ উইকেট হারিয়ে টুর্নামেন্টের সর্বনিম্ন ৮৩ রান করেছে তারা। ৮ রানে ৫ উইকেট পড়ার পর পরিস্থিতি সামাল দিতে টি-টোয়েন্টি ক্রিকেটেও প্রায় টেস্টের মেজাজে ব্যাট করেছেন নাঈম ইসলাম, ৫৬ বল খেলে করেছেন ২৬ রান। ছক্কা-নাঈমের ইনিংসে ছক্কা তো নেই-ই, চারও মাত্র ১টা। ৩৫ বলে সর্বোচ্চ ৩৩ রান করা সোহরাওয়ার্দীর বাউন্ডারি ২টি।জবাবে ঢাকা ডায়নামাইটসের দুই ওপেনার শামসুর রহমান আর থিলান কান্দাম্বি মিলেই তুলে ফেলেন ৫৪ রান। শামসুর আর জহুরুল ইসলামের উইকেট দুটি হারাতে হওয়ায় ১০ উইকেটের জয় পায়নি গ্রুপ পর্বের সব ম্যাচ জেতা একমাত্র দল ঢাকা ডায়নামাইটস। ৫৭ রানে ২ উইকেট পড়ার পর কান্দাম্বি (৩৯ বলে ৪৩*) আর মাহমুদউল্লাহ (১৭ বলে ২০*) মিলে শেষ করেন জয়ের আনুষ্ঠানিকতা।