হেরেও সেমিফাইনালে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩-০ গোলে এগিয়ে থেকেও ‘আমরা সেমিফাইনালে উঠে গেছি’ ভাব ছিল না রিয়াল মাদ্রিদের। ফিরতি ম্যাচের আগে সতর্ক ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই বলেছিলেন, ‘অন্তত একটি গোল আমাদের করতে হবে।’ পরশু সেই গোল রোনালদো করে ফেললেন ৭ মিনিটেই। আর এটাই কার্যত বেঁধে দিল কোয়ার্টার ফাইনালের ভাগ্য। কারণ, এই গোলের পর সমীকরণটা দাঁড়ায় এমন, সেমিফাইনালে যেতে হলে গ্যালাতাসারাইকে করতে হবে পাঁচ গোল!নিজের মাঠে গ্যালাতাসারাই শেষ পর্যন্ত অসম্ভবকে সম্ভব করতে পারেনি। তবে যেটা করে দেখাল, সেটিও রোমাঞ্চকর। বিশেষ করে, দ্বিতীয়ার্ধে গ্যালাতাসারাই তো দেখা দেয় অন্য রূপে। ৫৭ থেকে ৭২—এই ১৫ মিনিটের মধ্যে রিয়ালকে চেপে ধরে অলৌকিক কিছু ঘটানোরই ইঙ্গিত দিচ্ছিল তারা। কিন্তু পারেনি। উল্টো যোগ করা সময়ে রোনালদোই গ্যালাতাসারাইয়ের জালে বল জড়ান আরেকবার। এই দুই গোল নিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগে রোনালদোর গোল হয়ে গেল ১১টি, সব মিলিয়ে ৪৯টি। রোনালদোর জোড়া গোলেও অবশ্য হার এড়াতে পারেনি রিয়াল। তুর্কি দলটি জিতেছে ৩-২ গোলে। তবে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে রিয়াল। অবশ্য আনন্দের সঙ্গে একটি অতৃপ্তিও সঙ্গী হয়েছে রিয়ালের, শেষ দিকে দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন আরবেলোয়া।রোনালদোর এনে দেওয়া লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল। কিন্তু গ্যালারির ৫০ হাজার দর্শকের অনুপ্রেরণায় ৫৭ মিনিটে সমতা ফেরান ইমানুয়েল এবু। রিয়াল শিবিরে কাঁপন ধরিয়ে গ্যালাতাসারাইয়ের হয়ে পরের গোল দুটি করেন মরিনহোরই সাবেক দুই শিষ্য ওয়েসলি স্নাইডার ও দিদিয়ের দ্রগবা। ৭১ মিনিটে ইনানের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন স্নাইডার (২-১)। পরের মিনিটে ডান পায়ের ব্যাকহিলে করা দ্রগবার গোলটি তো ছিল অসাধারণ।সেমিতে উঠতে না পারলেও গ্যালাতাসারাই টুর্নামেন্ট থেকে বিদায় নিল মাথা উঁচু করেই। ম্যাচ শেষে মরিনহোও প্রশংসা করেছেন গ্যালাতাসারাইয়ের লড়াকু মানসিকতা আর আক্রমণাত্মক খেলার।রিয়াল কোচ অভিবাদন জানিয়েছেন গ্যালাতাসারাইয়ের দর্শকদের। ৩-১ হয়ে যাওয়ার পর চাপ অনুভব করছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে মরিনহো বলেছেন, ‘ডাগআউটে বসে স্নায়ুচাপে ভোগার মতো সময় আমার নেই। আমি জানতাম, গ্যালাতাসারাই শক্তিশালী দল। তারা আজ ১১ জনে খেলেনি, ৫০ হাজার অবিশ্বাস্য সমর্থকও তাদের সঙ্গে খেলেছে। এটা আমাদের জন্য ছিল কঠিন। তবে জয়টা তাদের পাওনা।’গ্যালাতাসারাই কোচ ফাতিহ তেরিমও দলকে ভাসিয়েছেন প্রশংসায়, ‘আমরা হয়তো রিয়াল মাদ্রিদকে প্রতিযোগিতা থেকে বিদায় করতে পারিনি, তবে পুরো বিশ্বের শ্রদ্ধাটা আমাদের পাওনা।’ তেরিম শুভকামনা জানিয়েছেন মরিনহো ও রিয়ালকে, ‘আশা করি, তারা চ্যাম্পিয়নস লিগ জিতবে। তখন আমরা বলতে পারব, আমরা চ্যাম্পিয়ন দলের কাছে হেরেছি। রিয়াল মাদ্রিদ এবং হোসে মরিনহোকে ধন্যবাদ। বিশ্বের অন্যতম সেরা দলটির কোচ আমাদের ড্রেসিংরুমে এসে অভিনন্দন জানিয়ে গেছে।’ রয়টার্স, এএফপি।